ফিলিস্তিনপন্থী মন্তব্য করার অপরাধে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে কনসার্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পপ তারকা এড শিরানের যুক্তরাষ্ট্রের ট্যুরের বাকি সব সহ-শিল্পী ও ব্যান্ড দল শো বর্জনের ঘোষণা দিয়েছে। বাদ পড়া এই র্যাপারের প্রতি সংহতি জানিয়ে তারা এই সিদ্ধান্ত নেন।
ট্যুর ছেড়ে দেওয়া তারকাদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশের ভাই ফিনিয়াস। এক বিবৃতিতে তিনি বলেন, "নিপীড়িতদের পক্ষে কথা বলার জন্য শিল্পীদের কণ্ঠ স্তব্ধ করা উচিত নয়।" এছাড়া আইরিশ সংগীতশিল্পী অ্যারন রো এবং ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহামও ট্যুর ছাড়ার ঘোষণা দিয়েছেন। এমনকি আইরিশ ফোক ব্যান্ড 'বেওগা', যারা প্রতি রাতে এড শিরানের সাথে মঞ্চে পারফর্ম করে, তারাও ট্যুর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
সহ-শিল্পীদের এই গণ-প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগেই এড শিরান এক বিবৃতিতে জানান, তিনি গাজা নিয়ে কোনো জনবিতর্কে জড়াতে চান না এবং ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার পেছনে তার কোনো ভূমিকা নেই। ইনস্টাগ্রামে শিরান লেখেন, "ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি প্রমোটারের ছিল, আমার নয়। আমি কখনোই আমার ভক্তদের হতাশ করতে চাই না, কিংবা আমার ট্যুর ক্রু ও অন্যান্য সহ-শিল্পী যারা কাজের জন্য আমার ওপর নির্ভরশীল, তাদেরও ফেলে যেতে পারি না।"
ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর, যখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে পারফর্ম করেন ম্যাকলমোর (আসল নাম বেঞ্জামিন হ্যাগার্টি)। সেখানে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, "আমি স্টেডিয়ামে দাঁড়িয়ে আমার হৃদয়ের খুব কাছের দুটি শব্দ বলতে চেয়েছিলাম: ফ্রি প্যালেস্টাইন (ফিলিস্তিনের মুক্তি)।" এরপর তিনি তার "হিন্ডস হল" গানটি পরিবেশন করেন, যা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উৎসর্গ করা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাসূচক। গানটি চলার সময় বড় পর্দায় গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রদর্শন করা হয়।
দর্শকদের একাংশ এতে আনন্দ প্রকাশ করলেও অনলাইনে তীব্র সমালোচনা শুরু হয়। 'ইসরায়েলি আমেরিকান কাউন্সিল' তাকে ট্যুর থেকে বাদ দেওয়ার দাবিতে একটি পিটিশন শুরু করে। অন্যদিকে 'স্টপ অ্যান্টিসেমিটিজম' নামের একটি ক্যাম্পেইন গ্রুপ অভিযোগ করে যে এই সংগীতশিল্পী দর্শকদের ওপর প্রোপাগান্ডা চাপিয়ে দিয়েছেন, যা পপ তারকা পিঙ্ক-ও ইনস্টাগ্রামে শেয়ার করেন। পরদিন ম্যাকলমোর একই মঞ্চে দাঁড়িয়ে ইহুদিদের উদ্দেশে বলেন, "ইসরায়েলের সমালোচনা বা বর্ণবাদের বিরোধিতা করার অর্থ আপনাদের সমালোচনা করা নয়।" তিনি জানান, গাজা ও পশ্চিম তীরের মানুষ যে একা নয়, তা বোঝাতেই তিনি এ কথা বলেছেন।
ইসরায়েল অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষামূলক অভিযানের দাবি করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় এই অভিযান শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই অভিযানে এ পর্যন্ত ৭৩,৭৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা জাতিসংঘ নির্ভরযোগ্য মনে করে।
এড শিরান জানান, তিনি পরিস্থিতি সামাল দিতে পুরো সপ্তাহ ভেন্যুগুলোর সাথে কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রমোটার প্রতিষ্ঠান 'মেসিনা ট্যুরিং গ্রুপ' ম্যাকলমোরকে বাদ দেয়। মেসিনা ট্যুরিং গ্রুপ রোলিং স্টোন ম্যাগাজিনকে জানায়, বিভিন্ন ভেন্যু কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছিল তারা ম্যাকলমোরকে পারফর্ম করতে দেবে না, যার ফলে পুরো ট্যুরটিই বাতিল হয়ে যেত এবং লাখ লাখ ভক্ত ক্ষতিগ্রস্ত হতো।
ম্যাকলমোর অভিযোগ করেন, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের শতকোটিপতি মালিক রবার্ট ক্রাফট এই বয়কটের আয়োজন করেছিলেন। ক্রাফট বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ভেন্যুতে "ঘৃণাত্মক বক্তব্যের" কোনো জায়গা নেই এবং তিনি ম্যাকলমোরের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী প্রচারণার অভিযোগ তোলেন। তবে তিনি অন্য ভেন্যুগুলোতে চাপ দেওয়ার অভিযোগের কোনো উত্তর দেননি।
ট্যুর ছেড়ে দেওয়া শিল্পীরা জানান, রবার্ট ক্রাফটের এই প্রভাব তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। লুকাস গ্রাহাম বলেন, "টাকা থাকলেই কেউ আলোচনার মালিক হয়ে যায় না। কার কথা বলার অধিকার আছে আর কার দুঃখকে আমরা স্বীকৃতি দেব, তা কারও ব্যাংক ব্যালেন্স ঠিক করতে পারে না।" অ্যারন রো বলেন, "এড আমার বন্ধু এবং সে আমার জীবন বদলে দিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।"
এড শিরান ও ম্যাকলমোর বিগত ১৩ বছর ধরে বন্ধু। ম্যাকলমোর শিরানের কঠিন পরিস্থিতির কথা বুঝলেও তার স্পষ্ট অবস্থান না নেওয়ার সমালোচনা করেছেন। তবে তিনি যোগ করেন, মাত্র দুটি শো করতে পারলেও তার বক্তব্য যদি ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনার জন্ম দিয়ে থাকে, তবে এটিই তার জীবনের সবচেয়ে সফল ট্যুর।




























