বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় পরাজয় এবং নিজের বিতর্কিত রক্ষণাত্মক কৌশল নিয়ে অবশেষে মুখ খুলেছেন কোচ টমাস টুখেল। আর্জেন্টিনার বেপরোয়া ‘ফাক-ইট ফুটবল’ কীভাবে তার দলকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছিল এবং তারা কীভাবে মাঠের মধ্যে ‘মৃত্যুর প্রহর গুনছিল’, সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা অকপটে স্বীকার করেছেন এই জার্মান কোচ।
এবারের বিশ্বকাপে ১৯৬৬ সালের পর নিজেদের সেরা সাফল্য পেয়েছে থ্রি লায়নরা। মিয়ামিতে অনুষ্ঠিত একটি রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় তারা। তবে পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের এই যাত্রাটি মূলত সংজ্ঞায়িত হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের সেই হৃদয়বিদারক হারের মধ্য দিয়ে, যেখানে প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্টপেজ টাইমের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হারতে হয়েছিল তাদের।
ম্যাচের চিত্র মূলত আর্জেন্টিনার দিকে হেলে পড়েছিল যখন টুখেল অতিমাত্রায় রক্ষণাত্মক কৌশল বেছে নেন। খেলার শেষ ২০ মিনিট বাকি থাকতে এজরি কনসাকে মাঠে নামিয়ে তিনি দলকে পাঁচ ডিফেন্ডারের ‘ব্যাক-ফাইভ’ ফর্মেশনে নিয়ে যান এবং রক্ষণভাগে গুটিয়ে থাকার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের জন্য টুখেলকে তখন তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, কারণ ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার সময় তার রণকৌশল সাজানোর দক্ষতাই সবচেয়ে বড় গুণ হিসেবে প্রশংসিত হয়েছিল। আটলান্টার সেই রাতের অভিজ্ঞতাকে টুখেল ‘মহাকাব্যিক মাত্রার যন্ত্রণা’ হিসেবে বর্ণনা করেছেন।
এফএ-র ‘রিফ্লেকশনস’ প্রামাণ্যচিত্রে সাবেক ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের সঙ্গে আলাপকালে টুখেল বিস্তারিত ব্যাখ্যা করেন। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনার একটি বিপজ্জনক পাল্টা আক্রমণ জেড স্পেন্সের দুর্দান্ত স্লাইডিং চ্যালেঞ্জের মাধ্যমে নসাৎ হয়ে যায়। টুখেলের মতে, ওই মুহূর্তটিই ইংল্যান্ডের খেলোয়াড়দের মনস্তত্ত্বে এক নেতিবাচক পরিবর্তন এনে দেয়, যা শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়।
টুখেল বলেন, “এই ঘটনাটি আমার এবং খেলোয়াড়দের মানসিকতায় এমন এক প্রভাব ফেলেছিল যে আমরা হঠাৎ করেই ‘কোনোভাবে ম্যাচটা পার করে দেওয়ার’ রক্ষণাত্মক মানসিকতায় চলে যাই। আমরা এমনভাবে খেলতে শুরু করি যেন খেলার আর মাত্র চার মিনিট বাকি আছে, অথচ তখনো ৩০ থেকে ৪০ মিনিটের খেলা বাকি ছিল। বল পজেশন ধরে রেখে মেসিকে এড়িয়ে খেলা তৈরি করা, প্রতিপক্ষকে চাপে রাখা এবং শারীরিকভাবে নিজেদের সামলে নেওয়ার মতো বিষয়গুলো তখন আমাদের খেলায় একদমই ছিল না।”
আর্জেন্টিনার সেই মুহূর্তের আগ্রাসী ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে টুখেল বলেন, “আর্জেন্টিনা তখন খুব দ্রুত খেলতে শুরু করে। ভাষার জন্য দুঃখিত, তবে ওটা ছিল ‘ফাক-ইট’ ফুটবল। তাদের হারানোর কিছু ছিল না, তাই তারা সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজন উইঙ্গার, দুজন স্ট্রাইকার ও মেসিকে নিয়ে খেলতে থাকে। এক পর্যায়ে তারা মাঝমাঠ থেকে একজন খেলোয়াড় তুলে নিয়ে আক্রমণভাগে বাড়তি খেলোয়াড় যোগ করে ৩-১-৬ ফর্মেশনে চলে যায়, যা আমাদের জন্য সামলানো কঠিন হয়ে পড়েছিল।”
ম্যাচের শেষ দিকে ব্যাক-ফাইভ ফর্মেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে টুখেল জানান, মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে আগের নকআউট পর্বের ম্যাচগুলোতে এই কৌশল সফল হয়েছিল দেখেই তিনি আর্জেন্টিনার বিপক্ষেও একই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “ওয়াটার ব্রেকের ঠিক আগে আমরা বড় একটি গোল খাওয়ার হাত থেকে বেঁচে যাই। তখন আমার মনে হয়েছিল, আমরা আর টিকতে পারব না। এটা ছিল স্রেফ মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো। আমাদের পায়ে বল ছিল না এবং ৪-৪-২ ফর্মেশনে আমরা ঠিকমতো রক্ষণ সামলাতে পারছিলাম না। আমাদের বাড়তি সাহায্যের প্রয়োজন ছিল। তাছাড়া আর্জেন্টিনা অনবরত ক্রস দিচ্ছিল এবং আক্রমণভাগে তাদের চারজন স্ট্রাইকার ছিল। তাই আমি ব্যাক-ফাইভ খেলার সিদ্ধান্ত নিই।”
স্টারিজ যখন প্রশ্ন করেন যে, রক্ষণাত্মক না হয়ে যদি আর্জেন্টিনা ডিফেন্সকে চাপে ফেলার জন্য হাই-প্রেসিং ফুটবল খেলা হতো তবে ফলাফল অন্যরকম হতে পারত কিনা, জবাবে টুখেল বলেন, “আসলে কী ঘটত তা কেউ জানে না। আমরা হয়তো আক্রমণাত্মক খেলে ২-১ ব্যবধানে হেরে যেতে পারতাম এবং তখন মানুষ বলত, ‘সে কি পাগল? নরওয়ের বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে ম্যাচ শেষ করল, তাহলে এখানে কেন করল না?’ আর্জেন্টিনা একের পর এক আক্রমণাত্মক পরিবর্তন করে যে মাত্রার পাগলামি তৈরি করেছিল, তা সামলাতে কোচ হিসেবে সাহায্য করার জন্য এটাই ছিল আমার সমাধান। নিজের অহংকার বা অন্য কোনো কারণে আমি এটা করিনি।”
টুখেল আরও যোগ করেন, “যদি আমরা ম্যাচটিতে বল নিয়ন্ত্রণে রেখে আরও বেশি স্থিতিশীল থাকতে পারতাম, তবে আমি ফর্মেশন পরিবর্তন করতাম না এবং আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামাতাম। কিন্তু এই হারের ক্ষত আমার নিজের, অন্য কারও নয়। আমাকে এই ক্ষত নিয়েই বেঁচে থাকতে হবে। আমার চেয়ে বেশি কষ্ট আর কেউ পায়নি। এখন আপনি অনবরত নিজেকে এই ভেবে কষ্ট দিতে পারেন যে অন্য কোনো খেলোয়াড় নামালে হয়তো আমরা ম্যাচটা জিতে যেতাম, কিন্তু আসলেই কী হতো তা কেউ জানে না।”



























