রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বেনারসি পল্লী এখন অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয় তাঁতশিল্পের উন্নয়ন ও প্রসারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২৮ লাখ টাকার বেশি ব্যয়ে একটি দৃষ্টিনন্দন দ্বিতল ভবন নির্মাণ করলেও গত ১৪ বছর ধরে তা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়া এই ভবনটি রক্ষায় কোনো সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে না।
একসময় রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু তাঁতি পাড়ায় দিন-রাত তাঁতের খটখট শব্দ শোনা যেত। ঘরে ঘরে তৈরি হতো আকর্ষণীয় বেনারসি ও কাতান শাড়ি। এই শিল্পের বিকাশ ও তাঁতিদের দক্ষ করতে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে বিসিক। এর আওতায় ৫টি ট্রেডে ৪৩টি ব্যাচে মোট ৮৬০ জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রকল্পের শেষ দিকে উৎপাদিত কাপড় প্রদর্শন ও বিক্রির জন্য ২৮ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ২ হাজার ২৫২ বর্গফুটের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। কিন্তু দ্বিতীয় পর্যায় বা নতুন কোনো প্রকল্প চালু না হওয়ায় ভবনটি উদ্বোধনের মুখ দেখেনি।
বর্তমানে গজঘণ্টার হাবু তাঁতি পাড়ার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিসিকের এই ভবনটি জঙ্গলে ঘেরা। দীর্ঘদিনের অযত্নে দেয়ালে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়েছে, খসে পড়ছে পলেস্তারা। নষ্ট হয়ে গেছে দরজা-জানালা ও ভেতরের আসবাবপত্র। বিদ্যুৎ সংযোগসহ পুরো অবকাঠামো এখন ব্যবহারের অনুপযোগী, সীমানাপ্রাচীরও ভেঙে পড়েছে।
হাবু গ্রামের তাঁতশিল্পের প্রতিষ্ঠাতা আবদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মকর্তাদের অবহেলা আর অযত্নে এই সম্ভাবনাময় শিল্পটি চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। সরকারি টাকা খরচ করে ভবন বানানো হলেও ১৪ বছর ধরে তা পড়ে আছে। কর্মকর্তারা যদি সুতা, মেশিন ও কাপড়ের বাজারের ব্যবস্থা করতেন, তবে এই শিল্প টিকে থাকত।
স্থানীয় তাঁতি মনোয়ারুল ইসলাম ও সুমন মিয়া জানান, সরকারি সহযোগিতার আশায় তারা বুক বেঁধেছিলেন, কিন্তু প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় একের পর এক তাঁত বন্ধ হয়ে গেছে। তাঁতি মোহছেনা বেগম বলেন, ভবনটি ফেলে না রেখে সরকারি নিয়মে কোনো তাঁতিকে ব্যবহারের সুযোগ দিলে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাটি কাজে লাগত।
বর্তমানে গঙ্গাচড়ায় স্থানীয় বেনারসি শাড়ি উৎপাদন বন্ধ থাকায় কিছু অসাধু চক্র ভারত থেকে আনা শাড়িকে স্থানীয় পণ্য বলে শোরুমগুলোতে বিক্রি করছে, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। এ বিষয়ে রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপক এহেছানুল হক জানান, পরবর্তী প্রকল্প চালু না হওয়ায় ভবনটি সচল করা যায়নি। তাছাড়া ভারতীয় শাড়ির আমদানি খরচ দেশীয় উৎপাদনের চেয়ে কম হওয়ায় শোরুমগুলো আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের ‘এক পণ্য, এক গ্রাম’ প্রকল্পের আওতায় নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অনুমোদন পেলে বেনারসি পল্লীর উন্নয়নে নতুন করে কাজ শুরু করা সম্ভব হবে।






























