প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২১। উচ্চ আদালতের জামিনের নির্দেশ থাকা সত্ত্বেও এক হাজতিকে মুক্তি না দেওয়ার ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। আদালত জেল সুপারকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
কারাগারে আটকে থাকা ইলিয়াছ হোসেন চট্টগ্রামের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার আইনজীবী এফ এম আনসার উল্লাহ জানান, ইলিয়াছ হোসেন গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর নিম্ন আদালতে জামিননামা দাখিল করা হয় এবং ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কারা কর্তৃপক্ষ সেই জামিননামা গ্রহণ করে। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।
আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতেই আদালত এ নোটিশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, বুধবার দুই শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ইলিয়াছ হোসেনের ক্ষেত্রে কোনো যান্ত্রিক বা প্রশাসনিক জটিলতা হয়ে থাকতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশের জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে ক্ষমা চাওয়া হবে।
উল্লেখ্য যে, ইলিয়াছ হোসেন নগরের চকবাজার এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। ২০২৪ ও ২০২৫ সালে চকবাজার থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গত ৬ জুন তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল।



























