মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) শব্দটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এই প্রযুক্তির পরিভাষা হিসেবে নতুন কোনো নাম উপযুক্ত হবে কি না, তা জানতে তিনি একটি অনলাইন জরিপ বা পোল চালু করেছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তি দেখান যে, বহুল পরিচিত ‘এআই’ শব্দটি দ্রুত বিকশিত হতে থাকা এই প্রযুক্তিগত বিপ্লবকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। তিনি লিখেছেন, "অনেকেই মনে করেন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দ দুটি সঠিক নয় এবং এটি শুনতে খুব একটা মার্জিতও লাগে না।"
এই প্রযুক্তির আরও সুন্দর ও নির্ভুল বর্ণনা দিতে ট্রাম্প নিজেই কয়েকটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো— ‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’ (এসআই), ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ (ইআই) অথবা ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’ (এসআই)। এই নতুন নামগুলোর মধ্য থেকে কোনটি সবচেয়ে ভালো, তা নির্ধারণে অনুসারীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, "এটি একটি পোল (ভোট), এবং আমি আশা করব সবাই এতে ভোট দেবেন! ক্রমাগত বাড়তে থাকা এই ‘বিপ্লবের’ জন্য সবচেয়ে ভালো নাম কোনটি?"
সাম্প্রতিক মাসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় উন্নয়ন এবং মানুষের ধারণার চেয়েও দ্রুত গতিতে এর সক্ষমতা বৃদ্ধির খবর সামনে এসেছে। এর ফলে প্রযুক্তির এই বিকাশকে কিছুটা ধীর করার এবং সরকারি নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরালো হচ্ছে। তবে ট্রাম্প এই উদ্বেগগুলোকে ‘ধাপ্পাবাজি’ বা ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, এআই নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি অনলাইনে লিখেছিলেন, "এআই-এর জন্য একমাত্র নিয়ন্ত্রণ বা ‘নিরাপত্তা বেষ্টনী’ হিসেবে একজন শক্তিশালী ও বুদ্ধিমান (উচ্চ আইকিউসম্পন্ন!) প্রেসিডেন্টের প্রয়োজন, এবং যুক্তরাষ্ট্রের তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে।"






























