কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে এবং বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ভিডিও পর্যালোচনা করা হয়। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়, যার সূত্র ধরে তাকে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও এসআরবির একটি বিশেষ দল ঘটনার তদন্তে কাজ করছে এবং দ্রুতই ঘটনার মূল রহস্য উন্মোচনের আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নিহত অপ্রতিমের নিখোঁজ হওয়ার ঘটনাটি শুক্রবার বিকালের। কোটবাড়ির গন্ধমতি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর সে আর ফেরেনি। এরপর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে আইফোন ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সাংবাদিকদের জানান, তার ছেলের বয়সে বড় কিছু বন্ধু ছিল এবং নিখোঁজের দিন সে তাদের সঙ্গে ছিল কি না, তা গুরুত্বের সাথে তদন্তের দাবি জানান তিনি।




























