রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা টার্মিনালে বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসটির মালিক এসএম সুলতান আহমদ জানান, অগ্নিকাণ্ডের সময় চালক উজ্জল, সুপারভাইজার সিরাজ এবং হেলপার সোবহান কেউই গাড়িতে ছিলেন না। তারা সন্ধ্যার পর বাসটি টার্মিনালে রেখে নিজ নিজ বাড়িতে চলে যান। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী ‘নিউ ক্লাসিক্যাল’ পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪) একটি গাড়ি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। আগুন দেখার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জ্বলন্ত বাসটির আশেপাশের অন্যান্য বাসগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সহায়তা করেন। এ ঘটনায় বাসটির মালিক এসএম সুলতান আহমদ বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়ে থাকতে পারে।
এদিকে, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা দাবি করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, লকডাউনের নামে তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে পুলিশ জানিয়েছে, কারা এই নাশকতার সঙ্গে জড়িত তা নিশ্চিত হতে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





























