কুমিল্লার লালমাই পাহাড়ে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাথায় বাঁশের শক্ত লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার জানান, একটানা জিজ্ঞাসাবাদে ১৯ বছর বয়সী অভিযুক্ত তুহিন স্বীকার করেছে যে, অপ্রতিমের আইফোনটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সে তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এই পরিকল্পনায় তার বন্ধু ফাহাদ ও কামরুলও জড়িত ছিল। তুহিনের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ফাহাদ ও কামরুলকে হেফাজতে নেয়। প্রথমে তুহিন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসার তোশকের নিচ থেকে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় সিয়াম নামে আরেকজনকে আটক করে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
প্রাথমিক তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দ নামক পাহাড় ঘেরা বনের ভেতরে অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আসামিরা। অপ্রতিম তাতে বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোনটি নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। তারা কোটবাড়ি-গন্ধমতী এলাকায় বসবাস করতেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়। পরে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়ে ২০২৫ সালে ড্রপআউট হয়েছিল।
আইনগত পদক্ষেপ প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে এবং দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। রামিসা হত্যা মামলার মতো এই মামলাটিরও যেন দ্রুত রায় আসে, সেজন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।




























