ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় মস্কোর প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন।
মেয়র সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে ধেয়ে আসা ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এটিকে মস্কোর ওপর চালানো "সবচেয়ে ব্যাপক" হামলা বলে অভিহিত করেছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ জানিয়েছেন, এই হামলায় অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোফিয়িনো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন এবং দুই শিশুসহ আরও পাঁচজন আহত হন। এছাড়া ওরেখোভো-জুয়েভো জেলায় একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, কিয়েভ রাশিয়ার একটি "প্রধান" তেল শোধনাগার ও লজিস্টিক সাইটে আঘাত হেনেছে। তিনি বলেন, এই স্থাপনাগুলো "বিলিয়ন বিলিয়ন ডলারের জোগান দেয়, যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখছে।" ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত শোধনাগারটি মস্কো অঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি জ্বালানি সরবরাহ করে এবং এর উৎপাদিত পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানির একটি অংশ রুশ সামরিক বাহিনী ব্যবহার করে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের স্থাপনায় হামলা চালানো "শত্রুর আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং তাদের সামরিক বাহিনীকে রসদ সরবরাহের সক্ষমতাকে সরাসরি দুর্বল করে।"
মেয়র সোবিয়ানিনের দাবি, এই বড় ধরনের হামলাটি ছিল রাশিয়ার সংসদীয় নির্বাচনকে "ব্যাহত করার একটি প্রচেষ্টা", যার তৃতীয় দিন ছিল রোববার। ক্রেমলিন নিয়ন্ত্রিত এই নির্বাচনকে সমালোচকরা অবাধ, সুষ্ঠু বা স্বচ্ছ নয় বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে, রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে একটি বাসে ড্রোন হামলায় নিহত দুজনের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তা ছিলেন।
রোববারের এই হামলার কারণে মস্কোর বৃহত্তম বিমানবন্দর শেরেমেতিয়েভোতে রাতে "সাময়িক নিষেধাজ্ঞা" জারি করা হয়। অন্যদিকে ভনুকোভো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার সকালের মধ্যে দুটি বিমানবন্দরের বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন। কিয়েভের ফাসতিভ শহরে রুশ হামলায় এক মা ও তার দুই ছোট সন্তান (এক ছেলে ও এক মেয়ে) নিহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান তৈমুর তকাচেঙ্কো। পরে তিনি জানান, কিয়েভেরই উত্তরে ভিশহোরদে আরেকটি হামলায় আহত এক শিশু হাসপাতালে মারা গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার একটি ড্রোন যাত্রীবাহী গাড়িতে আঘাত হানলে চারজন নিহত হন বলে স্থানীয় শীর্ষ কর্মকর্তা ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন। এছাড়া শনিবার খেরসন অঞ্চলের একটি মঠে রুশ ড্রোন হামলায় একজন যাজক নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং প্রধান লজিস্টিক হাবগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে, দুই পক্ষ জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে সম্মত হয়েছে, তবে তা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই গত শুক্রবার ট্রাম্প একটি নতুন নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করেছেন, যা চীন ও ভারতের মতো রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতাদের ওপর শুল্ক আরোপের মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তু করে। এই আইন মার্কিন প্রেসিডেন্টকে রুশ জ্বালানির প্রধান ক্রেতাদের ওপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



























