খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে মসজিদের গলি এলাকায় অবস্থিত একটি চারতলা মেস ভবনে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে চুরির অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয় এবং একপর্যায়ে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। আজমুলের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাঁকে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দৌড়াদৌড়ি ও চিৎকার শুনে তাঁরা বাইরে বেরিয়ে আজমুলকে নিচে পড়ে থাকতে দেখেন। ওই মেসের রান্নার কাজ করা ফাতেমা জানান, মেসের ৯ জন শিক্ষার্থীর খাবার রান্না করা হয়েছিল, যা কম পড়ায় ছাত্ররা খাবার খুঁজতে শুরু করে। স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, ছাত্ররা তাঁদের ডেকে নিয়ে মেসের প্রতিটি রুমে তল্লাশি চালায়। একপর্যায়ে চতুর্থ তলার ডি-৮ নম্বর কক্ষে খাটের নিচে অর্ধেক খাওয়া ভাত ও মাছ পাওয়া গেলে আজমুলকে মারধর শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্ররা অত্যন্ত উত্তেজিত ছিলেন এবং চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাইরে থেকেও অনেকে সেখানে জড়ো হন। এরপর আজমুলকে ছাদে নিয়ে যাওয়া হয়। তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছেন নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মেসের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজমুলকে মারধরের একপর্যায়ে তাঁর বাবাকে ফোন দিয়ে টাকা দাবি করা হয়েছিল।
রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনটির তৃতীয় ও চতুর্থ তলার সব কক্ষ তালাবদ্ধ। ভবনের মালিক সরোয়ার হোসেন হলেও মেসের বিষয়গুলো দেখাশোনা করেন তাঁর জামাতা আকিবুর রহমান এবং মেস ম্যানেজার মেহেদী। মেহেদী নিজেও চতুর্থ তলার বাসিন্দা, তবে ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ এবং কক্ষ তালাবদ্ধ পাওয়া গেছে।
আজমুল হোসেনকে হত্যার ঘটনায় তাঁর বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে নগরের হরিণটানা থানায় একটি মামলা করেছেন। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৪ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।






























