জার্মানির দুটি রাজ্য নির্বাচনে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পার্টির ভরাডুবির পর তীব্র চাপের মুখে পড়েছেন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্টস। তবে এই নির্বাচনী ফলাফলকে ‘বিপর্যয়’ হিসেবে স্বীকার করলেও নিজের পদে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবার্গ-ফোরপোমার্ন রাজ্যে সিডিইউ দলটির ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করার আভাস পাওয়া গেছে। প্রাথমিকভাবে দলটি কোনোমতে টিকে থাকার ইঙ্গিত পেলেও, শেষ পর্যন্ত পার্লামেন্টে থাকার জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমা পার হতে পারেনি। অন্যদিকে, রাজধানী বার্লিনেও ক্ষমতাসীন সিডিইউ বামপন্থী দল ‘ডি লিঙ্কে’ (দ্য লেফট)-এর কাছে পরাজিত হতে যাচ্ছে বলে বুথফেরত জরিপে দেখা গেছে। নির্বাচনী রাতে বার্লিনে সিডিইউর কার্যালয়ে যখন বুথফেরত জরিপের ফল স্ক্রিনে ভেসে উঠছিল, তখন সেখানে কোনো উল্লাস বা উদযাপন দেখা যায়নি।
মেকলেনবার্গ-ফোরপোমার্নে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছে বলে সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফ এবং এআরডির জরিপে দেখা গেছে। তবে অন্যান্য দল তাদের সাথে জোটে যেতে অস্বীকৃতি জানানোয় তাদের সরকার গঠনের সম্ভাবনা কম। বার্লিনেও এএফডির ভোট বাড়ার আভাস মিলেছে, যেখানে তারা আনুমানিক ১৬ শতাংশ ভোট পেতে পারে। এএফডির জাতীয় সহ-নেতা অ্যালিস উইডেল দাবি করেছেন, "আমরা এখন সবচেয়ে শক্তিশালী শক্তি এবং জনগণের মূল স্রোতে পৌঁছে গেছি।" অভিবাসনবিরোধী, 'জার্মানি-প্রথম' নীতি এবং রাশিয়া-বান্ধব এজেন্ডার কারণে সাবেক কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে এএফডির জনপ্রিয়তা বাড়ছে, যদিও দলটির কিছু শাখাকে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা উগ্র ডানপন্থী হিসেবে চিহ্নিত করেছে।
এই পরাজয়ের পর বার্লিনে সিডিইউর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যার্টস জানান, তিনি তার জোট সরকারের অর্থনৈতিক, কর এবং কল্যাণমূলক সংস্কার কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি বলেন, "সংস্কার আসতেই হবে। আমি এই দায়িত্ব নিচ্ছি কারণ আমি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।" সংস্কারকে সমাজে ছড়িয়ে পড়া "কর্তৃত্ববাদী বিষের প্রতিষেধক" হিসেবে অভিহিত করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মেরুদণ্ড সোজা রাখা, দৃঢ়তা এবং ধৈর্যের প্রয়োজন।
মাত্র দুই সপ্তাহ আগে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে সিডিইউর ভোট অর্ধেক হয়ে গিয়েছিল এবং এএফডি বড় জয় পেয়েছিল। মাত্র ১৬ মাস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা ম্যার্টসের জনপ্রিয়তা এমনিতেই তলানিতে। সাবেক এই কর্পোরেট আইনজীবীর অভিবাসন ইস্যুতে ডানপন্থী অবস্থান এএফডির সমর্থন কমাতে তো পারেইনি, উল্টো বামপন্থীদের দূরে ঠেলে দিয়েছে। তবে চলতি সপ্তাহের শুরুতে জার্মানির আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ম্যার্টসের প্রতি সমর্থন জানান। বার্লিনের সিডিইউ নেতা বুর্কহার্ড ড্রেগার বিবিসিকে বলেন, ম্যার্টসের পদে থাকা উচিত। তিনি ভোটারদের "অধৈর্য" উল্লেখ করে বলেন, এক বছরের মধ্যে সব সমস্যার সমাধান আশা করা বাস্তবসম্মত নয় এবং ম্যার্টসকে পূর্ণ চার বছর সময় দেওয়া উচিত।
উভয় রাজ্যের ভোটগ্রহণ স্থানীয় সময় ১৮:০০ টায় (১৭:০০ বিএসটি) শেষ হয়েছে এবং চূড়ান্ত ফলাফল রবিবার গভীর রাতে বা সোমবার সকালে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।






























