সাম্প্রতিক বন্যায় বান্দরবান পৌর এলাকার সড়ক ও অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত সচল করতে এবং জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী বান্দরবান পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের যাতায়াত ও দৈনন্দিন জীবনের নানা দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী সাচিং প্রু জেরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার কাজ শুরু করার নির্দেশ দিয়ে বলেন, বন্যায় পৌর এলাকার সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের চলাচল স্বাভাবিক করতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মেরামত ও পুনর্বাসন কাজ সম্পন্ন করতে হবে। তিনি কেবল সাময়িক সংস্কার নয়, বরং ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
মন্ত্রীর এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা। এ সময় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং স্থানীয় বাসিন্দারাও সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে এবং তাদের দুর্ভোগ লাঘব হবে।































