নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চপর্যায়ের ইভেন্টে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি' শীর্ষক এই আয়োজনটি বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে পরিচালনা করে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার এবং এর সমাধানও দেশটির অভ্যন্তরেই নিহিত।
তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য ও নিপীড়নের শিকার। ১৯৭৮ এবং ১৯৮০-এর দশকে বাংলাদেশ রোহিঙ্গাদের আগমনের সাক্ষী হয়েছিল, যা তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলো সফলভাবে প্রত্যাবাসনের মাধ্যমে সমাধান করেছিল। তবে ২০১৭ সালের সহিংসতার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই বাস্তুচ্যুতির ফলে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। শিবিরগুলোতে প্রতিবছর হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে, ফলে একটি নতুন প্রজন্ম অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে।
বাংলাদেশ প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছে যাতে ভবিষ্যতে তারা নিজ দেশে পুনঃএকীভূত হতে পারে। তবে তিনি উল্লেখ করেন, এই শিবিরগুলো দীর্ঘ সময় বসবাসের জন্য কোনো আদর্শ জায়গা নয়। মানবিক সহায়তার জীবনরেখা সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন ডলারের আবেদন থাকলেও ২০২৬ সালের জন্য তা কমিয়ে ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। তিনি আন্তর্জাতিক অংশীদারদের সহায়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মানবিক সহায়তার উদারতা যেন রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত না হয়ে দাঁড়ায়। একইভাবে, অনির্দিষ্টকাল ধরে এই দায়িত্ব কেবল বাংলাদেশই বহন করবে—এমন প্রত্যাশাও করা যায় না।
মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে 'গভীরভাবে উদ্বেগজনক' অভিহিত করে তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গারা এখনো জোরপূর্বক নিয়োগ, নির্বিচারে আটক ও চলাচলে বিধিনিষেধের মতো নির্যাতনের শিকার হচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ফলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।
সংকট সমাধানে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন। প্রথমত, আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, মিয়ানমারে বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ করতে হবে এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। চতুর্থত, টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি অপরিহার্য। তিনি গাম্বিয়ার নেতৃত্ব এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকার প্রশংসা করে বিচারিক ও তদন্তব্যবস্থায় অব্যাহত সহায়তার আহ্বান জানান। পঞ্চমত, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাব কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী পুনরুল্লেখ করেন যে, বাংলাদেশ রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় দেখতে চায় না। তিনি বলেন, 'আসুন, আমরা একসঙ্গে নিশ্চিত করি—রোহিঙ্গাদের ভাগ্য যেন নিপীড়ন, বিতাড়ন ও বাস্তুচ্যুতির আরেকটি গল্প হয়ে না থাকে। বরং তা হয়ে উঠুক ন্যায়বিচার, মর্যাদা ও আশার গল্প। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এই গল্পের সূচনা হোক এখনই।'




























