ইন্দোনেশিয়ার জাভা সাগরে দুই সপ্তাহ আগে ডুবে যাওয়া একটি ফেরির ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা আরও মরদেহ উদ্ধার করেছেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিয়ো জানিয়েছেন, নিখোঁজ ৭১ জনের সন্ধানে চলমান অনুসন্ধান অভিযান আরও সাত দিনের জন্য বাড়ানো হয়েছে। নিখোঁজদের সবাইকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার শিকার 'ভার্গো ট্রান্সপোর্ট ৮' নামের ফেরিটি সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সে সময় জাহাজটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্য ছিলেন। এখন পর্যন্ত মোট ১০৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ব্রামান্তিয়ো জানান, শুক্রবার উদ্ধারকারী দলগুলো ডুবে যাওয়া জাহাজের ভেতর থেকে চারটি মরদেহ উদ্ধার করে। এছাড়া উপকূলের কাছাকাছি এলাকা থেকে আরও সাতজনের মরদেহ পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, সাধারণত অনুসন্ধান ও উদ্ধার অভিযান সাত দিন স্থায়ী হয়। তবে কর্তৃপক্ষ যদি মনে করে আরও ভুক্তভোগীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, তবে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। বর্তমান উদ্ধার অভিযানটি প্রতি তিন দিন পর পর মূল্যায়ন করা হবে, যাতে বোঝা যায় এটি চালিয়ে যাওয়া প্রয়োজন কি না।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়া ১৭ হাজারেরও বেশি দ্বীপের একটি বিশাল দেশ, যেখানে ফেরি যাতায়াতের একটি সাধারণ মাধ্যম। তবে প্রায়ই সেখানে নৌ-দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং এর পেছনে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।






























