আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছর গাজীপুর জেলায় মোট ৩৩৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে কালিয়াকৈর থানায় ১৩৮টি, কাপাসিয়ায় ৬৫টি, শ্রীপুর মডেল থানায় ৬০টি, কালীগঞ্জে ৪৩টি এবং জয়দেবপুর থানা এলাকায় ২৮টি পূজামণ্ডপ রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন (পিপিএম-বার) এসব তথ্য জানান। সভায় তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দুর্গোৎসব উদযাপন করতে হবে। তিনি পূজামণ্ডপগুলোতে পালাক্রমে দায়িত্ব পালনের পরামর্শ দেন এবং কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সরাসরি পুলিশ সুপারকে অবহিত করতে বলেন।
সভায় জানানো হয়, পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






























