দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার সংস্থাটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। নতুন এই মূল্যতালিকা ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত অবস্থায় আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক রুটে এই দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সেই হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।
বিইআরসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে গত আগস্ট মাসে জেট ফুয়েলের দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছিল। জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া জুন মাসে দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। চলতি বছরের ২৩ মে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা এবং ৭ মে ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।




























