দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে তিনি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার কাছে বাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মাজিদ এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান ও পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি উল্লেখ করেন যে, শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। একই সাথে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ব্যাংকটি শিক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণ বজায় রাখবে বলে তিনি জানান।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া পূবালী ব্যাংকের এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সেবার সুবিধার্থে পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথেরও উদ্বোধন করা হয়।




























