প্রাকৃতিক দুর্যোগে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ তায়ালা বিভিন্ন বিপদাপদ দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, 'আমি অবশ্যই কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা নিজেদের বিপদ-মসিবতের সময় বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়াতপ্রাপ্ত।'
প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু সুন্নত আমল ও ইবাদতের মাধ্যমে ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকা সম্ভব। ভূমিকম্প, সূর্যগ্রহণ, ঝোড়ো বাতাস বা বন্যার মতো দুর্যোগের মুহূর্তে সবার উচিত আল্লাহর কাছে তওবা করা, তাঁর কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, তাঁকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'দ্রুততার সঙ্গে আল্লাহর জিকির কর, তাঁর কাছে তওবা কর।'
আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম উপায় হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা কিংবা দোয়া-দরুদ পাঠ করা। এছাড়া দুর্যোগের সময় ইস্তিগফার ও তাসবিহ পাঠের মাধ্যমেও বিপদমুক্ত থাকা যায়। হাদিসেও এমন আমলের উল্লেখ রয়েছে; মিশকাতুল মাসাবিহ (৬৯৬) অনুযায়ী, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইলে রাসুলুল্লাহ (সা.) মসজিদে যেতেন এবং নামাজে মশগুল হতেন।






























