গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইয়াবাসহ আটক এক নারী ও এক তরুণকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় ৫৮টি ইয়াবাসহ মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামের দুজনকে আটক করা হয়। আটকের পর তাঁদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই একদল ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফাঁড়িতে চড়াও হয়।
হামলার ঘটনায় রেলওয়ে পুলিশের দুই সদস্য, এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হয়েছেন। তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হামলাকারীরা আটক ওই দুজনকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয় এবং পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।




























