অনেকেই জীবনে একবার হলেও ভাবেন, একটি বই লিখলে কেমন হতো? উপন্যাস, স্মৃতিকথা কিংবা রহস্যগল্প লেখা একটি বিশাল অর্জন, যা অনেকটা ম্যারাথন দৌড় কিংবা কর ফাইল করার মতোই ধৈর্য, সংকল্প এবং দীর্ঘ পরিশ্রমের দাবি রাখে। তবে বই লেখার চিন্তা করা আর বাস্তবে তা সম্পন্ন করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। থ্রিফটবুকস-এর ২০২১ সালের একটি জরিপ অনুযায়ী, অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন তাদের কাছে উপন্যাসের ভালো আইডিয়া আছে, কিন্তু মাত্র ১৫ শতাংশ লেখা শুরু করেন এবং মাত্র ৮ শতাংশ তা শেষ করতে পারেন।
বই লেখার পেছনে মানুষের নানা কারণ থাকে। বেস্টসেলিং লেখক এবং '১০০০ ওয়ার্ডস অফ সামার' প্রজেক্টের প্রতিষ্ঠাতা জেমি অ্যাটেনবার্গের মতে, অনেকের কাছে এটি শৈল্পিক প্রকাশের একটি মাধ্যম। তারা জন্মগতভাবেই লেখক এবং এভাবেই তারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করেন। আবার অনেকের ক্ষেত্রে মনের ভেতর জমে থাকা গল্প প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করে লেখালেখি, যা এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। ঔপন্যাসিক এবং জরা নিল হারস্টন/রিচার্ড রাইট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মারিটা গোল্ডেনের মতে, বই লেখা হলো কল্পনাশক্তি ও আত্ম-নিশ্চিতকরণের এক শক্তিশালী কাজ। এটি কঠিন এবং ভীতিজাগানিয়া হলেও অনেকের কাছে এক অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ।
অনেক সময় লেখালেখি শুরু করার পরও শেষ হয় না। ঔপন্যাসিক ক্রিস্টোফার মুরের মতে, প্রথম বইটি লেখা কঠিন কারণ মানুষ জানে না কীভাবে শুরু করতে হয়। এছাড়া নিজের সক্ষমতা নিয়ে নেতিবাচক চিন্তা বা সমালোচনা ও বিচার হওয়ার ভয় অনেককে পিছিয়ে দেয়। জীবনযাত্রার ব্যস্ততাও অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞরা বই লেখা শুরু করার জন্য কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন। প্রথমত, প্রচুর পড়তে হবে। এটি আপনার পছন্দের ধরণ, লেখকের কৌশল এবং অনুপ্রেরণা খুঁজে পেতে সাহায্য করে। অ্যাটেনবার্গ বলেন, তিনি প্রতিদিন পড়া দিয়ে কাজ শুরু করেন। দ্বিতীয়ত, আপনি কেন লিখতে চান তা পরিষ্কার করুন। মুরের পরামর্শ হলো, লেখার সময় নিজেকে প্রশ্ন করুন, আমি এখানে কী বলতে চাইছি? তৃতীয়ত, গবেষণার ওপর গুরুত্ব দিন। বিষয়বস্তু সম্পর্কে আগে কী লেখা হয়েছে তা জানা এবং চরিত্র তৈরি করা জরুরি।
চতুর্থত, একটি নির্দিষ্ট শুরুর তারিখ নির্ধারণ করুন। প্রস্তুতির নামে সময় নষ্ট না করে একটি নির্দিষ্ট দিনে লেখা শুরু করুন, এমনকি প্রথম দিনে মাত্র একটি অনুচ্ছেদ লিখলেও ক্ষতি নেই। পঞ্চমত, লেখালেখির কোনো ক্লাসে ভর্তি হতে পারেন, যা আপনাকে অন্যান্য লেখকের সঙ্গে পরিচিত হতে এবং সহায়তা পেতে সাহায্য করবে। ষষ্ঠত, নিজেকে একটি চিঠি লিখে মনে করিয়ে দিন কেন এই প্রকল্পটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এটি শেষ করার উদ্দেশ্য কী।
সবশেষে, যেকোনো একটি দৃশ্য দিয়ে শুরু করুন এবং প্রথম খসড়া শেষ না হওয়া পর্যন্ত সম্পাদনা থেকে বিরত থাকুন। মুরের মতে, প্রথম খসড়াটি নিখুঁত হওয়ার প্রয়োজন নেই; বইয়ের মতো দেখতে কিছু তৈরি হলে পরবর্তীতে তা ঘষামাজা করে মানসম্মত করা সম্ভব।



























