রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের প্রায় পাঁচ বছর পূর্ণ হওয়ার মুখে রণক্ষেত্রে ড্রোনের সাহায্যে আহত এক সেনাকে উদ্ধার করেছে ইউক্রেন। ধারণা করা হচ্ছে, আকাশপথে হেভি-লিফট ড্রোনের সাহায্যে কোনো আহত সেনাকে সরিয়ে আনার ঘটনা বিশ্বে এটিই প্রথম। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯২তম অ্যাসল্ট ব্রিগেড বিষয়টি প্রকাশ করে।
সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইউক্রেনের ৩০তম সেপারেট ব্রিগেডের সদস্য কনস্ট্যান্টিন ভ্লাসেনকো প্রায় ৫০০ দিন ধরে সামনের সারির এমন একটি স্থানে আটকে ছিলেন, যেখানে ভারী মাইন পেতে রাখা ও রুশ ড্রোনের আনাগোনার কারণে ইউক্রেনীয় পদাতিক বাহিনী বা গ্রাউন্ড রোবটের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। আটকা পড়া অবস্থাতেই এ বছরের শুরুর দিকে এক রুশ ড্রোন হামলায় গুরুতর আহত হন তিনি। জীবন বাঁচাতে বাধ্য হয়ে নিজের দুই পায়ের কিছু অংশ নিজেই কেটে বাদ দিতে হয় তাকে।
ভ্লাসেনকোকে নিরাপদে ফিরিয়ে আনতে ইউক্রেনে নির্মিত ‘গুর্জুফ ডিফেন্স’ হেভি হেক্সাকপ্টার ব্যবহার করা হয়। এটি মূলত রুশ ঘাঁটিতে বোমা ফেলার জন্য অ্যাট্যাক ড্রোন হিসেবে তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ধরনের অর্থ না নিয়েই সামরিক বাহিনীকে এটি সরবরাহ করা হয়। ড্রোনে যাত্রী বহনের সুবিধার্থে বিশেষজ্ঞ দল এতে কিছু পরিবর্তন আনে, যেন উড্ডয়নকালে ব্যক্তি দোলে না ওঠে বা উল্টে না যায়। চূড়ান্ত উদ্ধারের আগে পরীক্ষামূলকভাবে ড্রোনটি চালানো হয়।
এই জটিল উদ্ধার অভিযানটি সফল করতে ইউক্রেনের চারটি ভিন্ন সামরিক ব্রিগেড একযোগে কাজ করেছে। সম্পূর্ণ অভিযানের প্রস্তুতি নিতে সময় লাগে সাত দিন, তবে মূল উদ্ধারকাজটি শেষ হতে সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। এই সময়ে ড্রোনটি প্রায় ৪০ মাইল পথ অতিক্রম করে। রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনীয় ইউনিটগুলো অন্য বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে তাদের নজর ঘুরিয়ে রাখে। এর আগে স্থলপথের ড্রোন ব্যবহার করে তাকে উদ্ধারের একটি চেষ্টা চালানো হয়েছিল, তবে সেটি ভ্লাসেনকোর কাছে পৌঁছানোর পথেই ধ্বংস হয়ে যায় বলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ২য় মেকানাইজড ব্যাটালিয়ন জানিয়েছে।
গুর্জুফ ডিফেন্সের সহ-প্রতিষ্ঠাতা পাভলো ফেল্ডব্লুম জানান, তারা মূলত বহুবিধ ব্যবহারের উপযোগী একটি ভারী প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যা বিশেষ করে উদ্ধারের উদ্দেশ্যে ছিল না। তবে ভারী ওজন বহনে সক্ষম এই ড্রোন দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব বলেও তারা বুঝতে পেরেছিলেন। তিনি সতর্ক করে বলেন, আকাশপথে আহতদের সরিয়ে নেওয়া নিয়মিত কোনো বড় মাপের অনুশীলনে পরিণত হবে বলে তারা মনে করেন না, কারণ আকাশে থাকা অবস্থায় কোনো আহত ব্যক্তির জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এটি মূলত জীবন রক্ষার একদম শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত। অবশেষে নিরাপদে পৌঁছানোর পর ভ্লাসেনকো এই উড্ডয়নকে শান্ত বলে বর্ণনা করেছেন এবং ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে থাকা ভূমিতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।
October 20, 2026 / 12:08 PM EDT / CBS News





























