কূটনৈতিক শিষ্টাচার ও ঐতিহ্যের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঘটনাটি নজিরবিহীন হিসেবে দেখছেন সাবেক ও বর্তমান কূটনীতিকরা। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের দাবি, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা ও যুদ্ধের পরিণতি নিয়ে একটি অনুচ্ছেদ যুক্ত ছিল। টোকিও এই অনুচ্ছেদটিকে নিজেদের জন্য স্পর্শকাতর মনে করে। জাপান সরকার দাউদ আলীকে চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে এবং ওই অনুচ্ছেদ প্রণয়নে তার ভূমিকা ছিল বলে ধারণা করে। এই অস্বস্তির কারণেই তাকে সফর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি চুক্তির গোপনীয়তা রক্ষার বিষয়টিও এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯শে অক্টোবর জাপান সফর করবেন। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, দক্ষ কর্মী পাঠানো এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর সামনে রেখে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে, যার মধ্যে ৩ থেকে ৪টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। দাউদ আলীকে ১৫ই অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়।
দাউদ আলীর এটিই প্রথম দেশে তলব নয়। ২০০৯ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর থাকাকালে তারেক রহমানকে সহায়তার অভিযোগে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল। তখন তাকে পররাষ্ট্র সার্ভিস একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আগামী ৭ই ডিসেম্বর তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ১২ই ডিসেম্বর জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি রোমানিয়ায় রাষ্ট্রদূত এবং চীনের কুনমিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।





























