চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৯ অক্টোবর এই পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই ২৯ অক্টোবর তারিখটি চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
































