সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের চাচাতো ভাই ইয়াহইয়া আল-আসাদসহ সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে দেশটির নতুন কর্তৃপক্ষ। মধ্যঞ্চলের শহর হোমসে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার সিরিয়ার আল-ইখবারিয়া টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল-দিন আল-বাবা জানান, হোমসে চালানো সাম্প্রতিক অভিযানে সর্বমোট ১৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ২৪তম ডিভিশন ও বিমান প্রতিরক্ষা পরিদপ্তরের সাবেক প্রধান মোহাম্মদ দিব আফুফ এবং সন্ত্রাসবিরোধী আদালতের সাবেক প্রধান গাজী বদর আবদেল সালেহ। এ ছাড়া আটক তালিকায় রয়েছেন বিমানবাহিনী গোয়েন্দা শাখার সাবেক কয়েকজন তদন্ত প্রধান, রাজনৈতিক নিরাপত্তা শাখা ও রিপাবলিকান গার্ডের সাবেক কর্মী এবং তিনজন সামরিক পাইলট।
তবে মুখপাত্র আল-বাবা অভিযুক্তদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময় কিংবা প্রত্যেকের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুসারী ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক কর্মকর্তা ও বিমানবাহিনীর সাবেক অপারেশন প্রধানকে আটকের কথা জানিয়েছিল সিরীয় কর্তৃপক্ষ। এ ছাড়া চলতি বছরের জুন মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডজনখানেক জেনারেলসহ ক্ষমতাচ্যুত শাসনের ৩,৫৪৮ জন সামরিক সদস্যকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করে।





























