পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি সরকারি মেডিকেল সেন্টারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে পার্ক করে রাখা একটি অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
থোরপারকার জেলার পুলিশ প্রধান আরিফ আজিজ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে রাতের অন্ধকারে। স্থানীয় পুলিশ কর্মকর্তা খলিল আব্রোর ভাষ্যমতে, রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তরের সময় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে হাসপাতালের কর্মী, রোগী এবং তাদের স্বজনরা রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং একটি দরজা খোলা রয়েছে। অন্য একটি ছবিতে দেখা গেছে, একটি ভবনের বাইরে অ্যাম্বুলেন্সের পুড়ে যাওয়া কাঠামো পড়ে আছে এবং চারপাশে মানুষ দাঁড়িয়ে আছেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, এর আগে আগস্ট মাসে ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের একটি নার্সারি ইউনিটে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশু মারা গেলে সেই ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়ায়।






























