প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। অভ্যন্তরীণভাবে গঠিত এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির নেতৃত্বে রয়েছেন বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। এছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
তদন্ত কমিটিকে মূলত উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন এবং উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ঘটনার ফলে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তাও নিরূপণ করবে কমিটি।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কবলে পড়েছিল। এর ফলে ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটিটি মেরামত করা হয়। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।




























