উত্তরায় তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে তার ব্যবহার করা মোটরসাইকেলটি পাওয়া গেছে। শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল। দুর্ঘটনাস্থলসংলগ্ন মাজারবস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরাখান থানায় নেওয়া হয়েছে।
পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার মো. ইউসুফ জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি প্রকৃতপক্ষে কার, তা যাচাই করে দেখা হচ্ছে। লাশ উদ্ধারের সময় নৌপুলিশ তাহসিফের কাছে থাকা হাতঘড়ি ও মানিব্যাগ পেলেও তখন পর্যন্ত তার বাইকটির কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার দিয়াবাড়ির বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়েই বেরিয়েছিলেন সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।
এ ঘটনায় বর্তমানে পিবিআই হেফাজতে থাকা তাহসিফের বন্ধুস্থানীয় ‘ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার দিন তারা দুজন রাজবাড়ী ঘাট এলাকায় বসে কথা বলছিলেন। সে সময় কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে যান। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক স্পট হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, মাদক কারবারিদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন তাহসিফ।
তবে দীপের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। এর আগে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের কাছে দীপ ভিন্ন তথ্য দিয়েছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, বাসা থেকে বের হওয়ার পর তাহসিফের বাইক মেরামতের জন্য তারা একটি গ্যারেজে যান এবং পরে উত্তরার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। খাবার শেষে নিজ নিজ বাইকে ফেরার পথে উত্তরা হাউজ বিল্ডিং এলাকা পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন এবং রাত আনুমানিক ১২টার দিকে আলাদা হয়ে যান। এরপর নিজে বাসায় ফিরলেও তাহসিফের বিষয়ে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বন্ধু রেজা দীপের সঙ্গে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি।





























