রাজধানীর খিলক্ষেতে অবস্থিত নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আয়োজন এবং সেখানে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উক্ত ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
অতিরিক্ত ডিআইজি জহিরের এই কর্মকাণ্ডকে 'শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী 'অসদাচরণের' দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই আদেশ ২৫ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একইসঙ্গে বরখাস্ত হওয়ার সময়কালে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
এর আগে ১৯ অক্টোবর ভোররাতে খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো সেই অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। অভিযানের পরপরই পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।






























