প্রয়াত স্বজনদের স্মৃতি বুকে নিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিভিন্ন সমাধিক্ষেত্রে রোববার জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। ‘অল সেন্টস ডে’ বা সব সাধুর দিন উপলক্ষে প্রিয়জনদের শ্রদ্ধা জানাতে ফিলিপাইনজুড়ে যুগের পর যুগ ধরে ‘উনদাস’ নামের এই বিশেষ পারিবারিক ঐতিহ্য পালিত হয়ে আসছে। স্প্যানিশ শব্দ ‘হনরাস’ থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ সম্মান জ্ঞাপন করা।
ম্যানিলার সমাধিক্ষেত্রে বাবা ও অন্য তিন স্বজনের স্মরণে ফুল ও শ্রদ্ধা জানাতে এসে লোরিতা সান্তোস নামে এক দর্শনার্থী বলেন, স্বজনরা মৃত্যুবরণ করেছেন বলেই যে আমরা তাদের ভুলে যাব—বিষয়টি তেমন নয়। আমরা কখনোই তাদের স্মরণ করা ছাড়ব না। শৈশব থেকেই পরিবারের সঙ্গে কবরস্থানে আসার অভ্যাস থাকা সান্তোস এখন তার সন্তানদেরও এই প্রথা শেখাচ্ছেন। তিনি জানান, তারা পরবর্তী প্রজন্মের কাছে এই রীতিনীতি পৌঁছে দিচ্ছেন যাতে তাদের অনুপস্থিতিতেও সন্তানরা ঐতিহ্য ধরে রাখতে পারে।
প্রতি বছর ১ নভেম্বর ‘অল সেন্টস ডে’ এবং ২ নভেম্বর ‘অল সোলস ডে’ নিয়ে এই উৎসব পালিত হয়। ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসের অংশ হলেও ‘উনদাস’ পালনের শিকড় জড়িয়ে রয়েছে স্পেনীয় ঔপনিবেশিক শাসনের আগের প্রাচীন স্থানীয় রীতিনীতির সঙ্গে। বিশ্ববিদ্যালয় অব দ্য ফিলিপাইনস ডিলিম্যানের নৃবিজ্ঞানের প্রভাষক নেস্টর কাস্ত্রোর মতে, ফিলিপাইনে পূর্বপুরুষদের পূজা ও শ্রদ্ধা জানানোর ইতিহাস অত্যন্ত দীর্ঘ। স্প্যানিশদের আগমনের বহু আগেই স্থানীয়রা ‘আনিতো’ নামে পরিচিত পূর্বপুরুষদের আত্মার সন্তুষ্টির জন্য খাবার ও বিভিন্ন উপহার উৎসর্গ করত। নির্দিষ্ট কোনো দিনের বদলে তা ছিল তাদের সংস্কৃতিরই অংশ।
১৫৬৫ সালে স্প্যানিশদের আগমনের পর ক্যাথলিক ধর্মের প্রচার এবং নতুন ধর্মীয় প্রথার চর্চা শুরু হলে এই ঐতিহ্যে পরিবর্তন আসে। তৎকালীন ম্যানিলা-আকাপুলকো গ্যালিয়ন বাণিজ্যের মাধ্যমে শত শত বছর ধরে ফিলিপাইনের সঙ্গে মেক্সিকোর ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে দুই দেশের প্রয়াত স্বজনদের স্মরণ করার রীতিনীতিতেও বড় ধরনের মিল দেখা যায়। মেক্সিকোতে পরিবারগুলো সারাদিন বা রাত কবরস্থানে কাটায় কিংবা বাড়িতে আল্পনা ও বেদি তৈরি করে গাদা ফুল, গান এবং খাবারের আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। এ ছাড়া বলিভিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরির মতো শক্তিশালী ক্যাথলিক ঐতিহ্যবাহী দেশগুলোতেও ফুল, মোমবাতি ও প্রার্থনার মাধ্যমে মৃত স্বজনদের স্মরণ করা হয়।
ফিলিপাইনের সংস্কৃতিতে মৃত্যু কেবল শোকের বিষয় নয়, বরং এটি পুরো পরিবারকে এক সুতায় বাঁধার একটি বড় উপলক্ষ বলে জানান নৃবিজ্ঞানী নেস্টর কাস্ত্রো। তিনি উল্লেখ করেন, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দূর-দূরান্তে থাকা আত্মীয়রা না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা হয়, যা মূলত পারিবারিক পুনর্মিলনীর সুযোগ করে দেয়। ‘উনদাস’ উৎসবের ক্ষেত্রেও একই মেলবন্ধন দেখা যায়। এ সময় স্বজনদের বাঁধনকে সুদৃঢ় করার প্রতীক হিসেবে চাল দিয়ে তৈরি এক ধরনের আঠালো পিঠা বা কেক একে অপরের সঙ্গে ভাগ করে খাওয়া হয়।
৪২ বছর বয়সী স্কুল রক্ষণাবেক্ষণ কর্মী মাইক মামারিল তার দাদা-দাদির কাছ থেকে পাওয়া এই ঐতিহ্য ধরে রেখে প্রতি বছর মা-বাবার সমাধিক্ষেত্রে আসেন। কর্মব্যস্ততার কারণে বছরে খুব একটা সুযোগ না পেলেও এই দিনে তিনি সময় বের করে নেন। মামারিল জানান, স্বজনদের কবরের পাশে বসে তারা ছোটবেলার আনন্দময় স্মৃতি আর বাবা-মায়ের বকা খাওয়ার স্মৃতিগুলো নিয়ে গল্প করেন ও পুরোনো দিনের কথা স্মরণ করেন।




























