মেটার ভুয়া কপিরাইট অভিযোগ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় সেন্সরশিপ প্রযুক্তি ব্যবহার করে উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল কারাকালপাকস্তানের ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভুয়া সম্পাদক সেজে অভিযোগ দায়ের করে কারাকালপাক স্বাধীনতা আন্দোলনের নেতা আমান সাগিদুল্লাহয়েভের ফেসবুক পেজ বন্ধের পর বিষয়টি নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগীদের দাবি, উজবেক সরকারের নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা অনলাইন প্রতিরোধব্যবস্থা এবং বহু বছরের সংগৃহীত মানবাধিকার লঙ্ঘনের ডিজিটাল তথ্যপ্রমাণ মুছে দিতে মেটা ও ইউটিউবের প্ল্যাটফর্ম ত্রুটিকে কাজে লাগানো হচ্ছে।
'আলগা কারাকালপাকস্তান' আন্দোলনের নেতা আমান সাগিদুল্লাহয়েভ ২০১২ সাল থেকে নির্বাসিত জীবনযাপন করছেন। তার আন্দোলন দীর্ঘ দিন ধরে কারাকালপাকস্তানে স্বাধীনতার গণভোটের দাবি জানিয়ে আসছে। ২০২২ সালের গ্রীষ্মে উজবেকিস্তানের প্রস্তাবিত সংবিধান সংশোধনী খসড়ায় কারাকালপাকস্তানের স্বাধীন হওয়ার সাংবিধানিক অধিকার বাতিলের উদ্যোগ নেওয়া হলে অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে সরকারের কঠোর দমনপীড়ন নেমে আসে। যদিও ২০২৩ সালের এপ্রিলে গৃহীত চূড়ান্ত সংবিধানে অনুচ্ছেদ ৮৯-এর অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিচ্ছিন্ন হওয়ার অধিকার বহাল রাখা হয়েছে, তবে বাস্তবে এই বিষয়ে প্রকাশ্যে আলোচনা করা কঠোরভাবে নিষিদ্ধ বা ট্যাবু হিসেবেই থেকে গেছে।
সাম্প্রতিক নোটিশে মেটা সাগিদুল্লাহয়েভকে জানায়, "আমাদের প্রযুক্তির মাধ্যমে পোস্টটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তবে অনুসন্ধানে দেখা যায়, এই অভিযোগটি দায়ের করেছিলেন 'জাসমিনা জাসুরোভা' নামের এক ব্যক্তি, যিনি নিজেকে আন্তর্জাতিক সাময়িকী 'দ্য ডিপ্লোম্যাট'-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দাবি করে সাগিদুল্লাহয়েভের অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলার আবেদন করেন। অথচ ২০১৭ সাল থেকে দ্য ডিপ্লোম্যাটের ব্যবস্থাপনা সম্পাদক পদে দায়িত্ব পালন করা সাংবাদিক নিশ্চিত করেছেন যে, জাসমিনা জাসুরোভা নামে কোনো সম্পাদক কখনোই সংবাদমাধ্যমটিতে কাজ করেননি। এছাড়া অভিযোগ ফর্মে ব্যবহৃত জিমেইল ঠিকানায় যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি এবং ইংরেজি, উজবেক বা রুশ ভাষার অনুসন্ধানেও ওই নামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সাগিদুল্লাহয়েভ মেটার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।
এর আগেও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট হারিয়েছেন জানিয়ে সাগিদুল্লাহয়েভ বলেন, "কারাকালপাকস্তানের তথ্যের জন্য যারা আমার ওপর নির্ভর করতেন, তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা অত্যন্ত কষ্টের। ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমি উজবেক কর্তৃপক্ষের নির্যাতনের শিকার মানুষদের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে সাহায্য করেছি।" মেটার কাছে আগের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে তিনি আরও বলেন, "যদি বর্তমান প্রোফাইলও বন্ধ করে দেওয়া হয়, তবে মানবাধিকার লঙ্ঘনের বহু বছরের নথি ও তথ্যপ্রমাণ ধ্বংস হয়ে যাবে। একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হয়তো কয়েক মিনিট লাগে, কিন্তু বছরের পর বছর ধরে সেই আর্কাইভ গড়ে তোলা এবং মানুষের আস্থা অর্জন করা সম্ভব হয় না।"
উজবেক নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাগিদুল্লাহয়েভ বলেন, "কারাকালপাকস্তানের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের স্তব্ধ করতে তারা একসময় বুলেট ও গ্রেনেড ব্যবহার করেছিল। আর এখন অনলাইনে কারাকালপাকদের স্বর রোধ করতে তারা ফেসবুক ও ইউটিউবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার বিশ্বাস, এই অ্যাকাউন্টগুলো বারবার বন্ধ করার পেছনে উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থাই জড়িত।" যদিও উজবেক কর্তৃপক্ষ শুরু থেকেই দেশে বা বিদেশে সমালোচকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।
ভিয়া সেরিকা ফাউন্ডেশনের সভাপতি ও কারাকালপাক অধিকারকর্মী গুলিয়া নূর এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা কেবল অ্যাকাউন্ট বা দর্শক-শ্রোতাই হারাচ্ছি না; আমরা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, সাক্ষাৎকার এবং নির্যাতনের রেকর্ডসহ সুশীল সমাজের বহু বছরের কাজের ডিজিটাল আর্কাইভ হারিয়ে ফেলছি। কারাকালপাকস্তানের ভেতরে স্বৈরাচারী নিপীড়নের মাধ্যমে কথা বলার মানুষদের স্তব্ধ করার পর, অনলাইনের স্বরগুলোর ওপর চাপ সৃষ্টি করে সেই নিপীড়নকে নথিভুক্ত ও চ্যালেঞ্জ করার অবশিষ্টাংশকেও হুমকির মুখে ফেলা হচ্ছে।"
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে যখন উজবেকিস্তান ডিজিটাল ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ ও বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াচ্ছে। ২০২৬ সালের জুনে উজবেকিস্তানের ডিজিটাল প্রযুক্তি মন্ত্রী শেরজোদ শেরমাতোভ মেটার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি পরিচালক বেথ অ্যান লিমের সঙ্গে বৈঠক করেন, যেখানে দেশের ডিজিটাল অর্থনীতি উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। গুলিয়া নূর মন্তব্য করেন, উজবেকিস্তান যখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজিটাল সহযোগিতা বাড়াচ্ছে, তখন অধিকাররক্ষার কর্মীরা সেই একই প্ল্যাটফর্মে টিকে থাকার সংগ্রামে লিপ্ত। মেটাসহ আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলোর গভীরভাবে খতিয়ে দেখা উচিত কীভাবে তাদের অভিযোগ ব্যবস্থার অপব্যবহার হচ্ছে এবং তারা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার মানুষদের কতটা সুরক্ষা দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাকস্বাধীনতা দমনের এই কৌশলকে বিশেষজ্ঞরা 'ডিজিটাল কর্তৃত্ববাদ' হিসেবে উল্লেখ করেছেন। ফ্রিডম হাউসের ২০১৮ সালের প্রতিবেদন এবং গবেষণায় বলা হয়েছে, এটি এমন এক প্রক্রিয়া যেখানে স্বৈরাচারী শাসকগোষ্ঠী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জনগণকে নজরদারি, দমন ও নিয়ন্ত্রণ করে। ভুয়া খবরের আইন বা কপিরাইট অভিযোগের ফাঁদ পেতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে অপব্যবহারের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ কণ্ঠ স্তব্ধ করাই এই ডিজিটাল কর্তৃত্ববাদের প্রধান হাতিয়ার হয়ে উঠছে।



























