অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘ডিজিপে’র সার্ভারে ভারত থেকে প্রবেশের তথ্য মিলাসহ নানা নিরাপত্তা ত্রুটি শনাক্তের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটিকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে এনপিএসবির মাধ্যমে ডিজিপের লেনদেন বন্ধ হয়ে গেলেও প্রতিষ্ঠানটির অন্যান্য সেবা স্বাভাবিক নিয়মেই চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিষ্ঠানের সিস্টেম যাচাই-বাছাইয়ের সময় কয়েকটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, নাগরিকদের তথ্যের গোপনীয়তা রক্ষা ও সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অগ্রাধিকার। দেশের বাইরে থেকে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ বা তথ্য পেলে তা নিরাপত্তার দিক থেকে বড় ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। ডিজিপের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বিস্তারিত তদন্ত করা হবে এবং তদন্ত চলাকালে প্রাথমিক পদক্ষেপ হিসেবেই এনপিএসবি থেকে তাদের আপাতত আলাদা রাখা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে ডিজিপে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করেনি। আলোচনা ছাড়াই এনপিএসবি সেবা বন্ধ করে দেওয়ায় গ্রাহক লেনদেনে প্রভাব পড়েছে বলে তারা জানায়।
ডিজিপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ বিষয়টিকে তাদের জনবল কাঠামো ও ভারতীয় ডেভেলপার সংক্রান্ত মতবিরোধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে আলাদা কোনো কর্মী রাখা হয়নি, বরং অন্য দায়িত্বে থাকা একজন কর্মীই এই দায়িত্ব সামলান। তবে প্রতিটি পদে আলাদা কর্মী না রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আপত্তি তুলেছে।
ভারত থেকে সার্ভারে প্রবেশের বিষযটি পরিষ্কার করে রাশেদ মাহমুদ জানান, ডিজিপির মূল প্রযুক্তিগত সিস্টেমটি ভারতের একটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দল তৈরি করেছে। শুধু নির্ধারিত প্রযুক্তিগত উন্নয়নমূলক কাজের জন্যই ভারতীয় ডেভেলপারদের সিস্টেমে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়ে থাকে। তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংক কেবল 'ভারতীয়' পরিচয়টি সামনে এনে প্রযুক্তিগত উন্নয়নের কাজ বাংলাদেশে না করার বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে দেশের অভ্যন্তরে সেবা দেওয়া অনেক নামি প্রতিষ্ঠানের ডেটা বা সিস্টেমের অংশ ভারতসহ বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।






























