সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ক্রিস লিনকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে ইসিবি’র ক্রিকেট রেগুলেটর। গত ১৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনাল ডে চলাকালীন তার ডোপ টেস্টে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ওই প্রতিযোগিতায় লিন নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। এই শাস্তির বিষয়টি তিনি মেনে নিয়েছেন।
ক্রিকেট রেগুলেটরের প্রতিবেদন অনুযায়ী, লিনের মূত্রের নমুনা ফ্রান্সের ল্যাবরেটরি অ্যান্টি-ডোপে বিশ্লেষণ করা হয়, যেখানে কোকেনের মেটাবোলাইট বেনজোয়েলকগোনিন পাওয়া যায়। ২০২৬ সালের ওয়াডা (WADA) নিষিদ্ধ তালিকার এস.৬এ ধারা অনুযায়ী কোকেন একটি উদ্দীপক বা স্টিমুল্যান্ট হিসেবে তালিকাভুক্ত। এটি একটি নির্দিষ্ট নয় এমন উপাদান যা শুধুমাত্র প্রতিযোগিতার সময় নিষিদ্ধ। এছাড়া ২০২৬ সালের তালিকায় কোকেনকে বিশেষ ‘সাবস্ট্যান্স অব অ্যাবিউজ’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
গত ৩১ জুলাই ক্রিকেট রেগুলেটর লিনকে পরীক্ষার ফলাফল জানিয়ে সাময়িক বরখাস্তের কথা জানায়। ২০ আগস্ট লিন তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন এবং নিশ্চিত করেন যে তিনি ১৫ ও ১৬ জুলাই কোকেন সেবন করেছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, লিন দাবি করেছেন তার এই অপরাধটি প্রতিযোগিতার বাইরের এবং এটি তার খেলার পারফরম্যান্সের সাথে সম্পর্কিত নয়। তিনি কোকেন গ্রহণের বিষয়টি প্রতিযোগিতার বাইরে ছিল—এমন প্রমাণও উপস্থাপন করেন।
২৩ সেপ্টেম্বর ক্রিকেট রেগুলেটর লিনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের নোটিশ দেয়। নোটিশে উল্লেখ করা হয় যে, লিনের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী তারা মেনে নিয়েছে যে ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে। শুরুতে লিনের বিরুদ্ধে ইসিবি’র অ্যান্টি-ডোপিং বিধিমালার দুটি ধারায় অভিযোগ আনা হয়েছিল, তবে একটি অভিযোগ পরে তুলে নেওয়া হয়। কারণ লিনের মূত্রের নমুনায় কোকেনের মাত্রা ওয়াডা’র নিয়ম অনুযায়ী শাস্তির জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন মাত্রার নিচে ছিল।
ক্রিকেট রেগুলেটর শুরুতে লিনকে তিন মাসের জন্য নিষিদ্ধ করতে চেয়েছিল। তবে তিনি একটি ‘সাবস্ট্যান্স অব অ্যাবিউজ ট্রিটমেন্ট প্রোগ্রাম’ সম্পন্ন করার প্রমাণ দেওয়ায় শাস্তি কমিয়ে এক মাস করা হয়। তার সাময়িক বরখাস্তের সময়কাল থেকে হিসাব করে ৩০ আগস্ট তার এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে শেষ হয়েছে বলে গণ্য করা হয়েছে।





























