যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অগ্রযাত্রায় গতি কমানোর শঙ্কা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ারবাজারে তীব্র ধস নেমেছে। এতে প্রধান প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য থেকে শত শত বিলিয়ন ডলার মুছে গেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম টানার নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া ডেমোক্র্যাট প্রার্থীরা জয়লাভ করার পরেই প্রযুক্তি ও এআই খাতের শেয়ারগুলোর দামে এই পতন ঘটে।
ডাও জোন্সের তথ্য অনুযায়ী, প্রযুক্তি খাতনির্ভর মার্কিন শেয়ারবাজার সূচক নাসডাক কম্পোজিট ৫.৫ শতাংশেরও বেশি কমে বন্ধ হয়েছে। এতে সূচকটির বাজারমূল্য থেকে আনুমানিক ২.৫ ট্রিলিয়ন ডলার (১.৯ ট্রিলিয়ন পাউন্ড) হারিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অন্য প্রধান শেয়ার সূচকগুলোতেও বড় ধরনের পতন দেখা গেছে, যা ২০২৫ সালের পর এ খাতের সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত হচ্ছে। এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত মুনাফা আসবে কি না—তা নিয়ে বিনিয়োগকারীদের বিদ্যমান উদ্বেগের মধ্যেই নতুন করে এই ধাক্কা এলো।
মার্কিন বাজারের এই প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার সকালে এশিয়ার প্রযুক্তি খাতের সূচকগুলোতে মারাত্মক পতন পরিলক্ষিত হয়। জাপানের নিক্কেই ২২৫ সূচক লেনদেনের শুরুতেই ৬ শতাংশ কমে যায়। মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কিওক্সিয়ার শেয়ারের দাম ১২.৬ শতাংশেরও বেশি এবং প্রতিদ্বন্দ্বী টোকিও ইলেকট্রনের শেয়ার ৯.৫ শতাংশ কমেছে।
দক্ষিণ কোরিয়ার চিপ প্রস্তুতকারক এসকে হাইনিক্সের শেয়ার কমেছে ১১.৫ শতাংশের বেশি এবং স্যামসাংয়ের শেয়ারদর প্রায় ১০ শতাংশ পড়েছে। সিউলের কসপি সূচক ৮.৫ শতাংশের বেশি ধসে পড়ায় আতঙ্কিত বিক্রি সামাল দিতে সেখানে সাময়িকভাবে লেনদেন স্থগিত রাখার মেকানিজম 'সার্কিট ব্রেকার' চালু করতে হয়।
পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীরা এআই উন্নয়ন এবং নতুন ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত বিস্তার ধীরগতির করার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। এই প্রযুক্তি পরিচালনার জন্য অপরিহার্য হাব বা ডাটা সেন্টারগুলোর নির্মাণ সীমিত করতে একাধিক স্থানে ভোটাভুটিও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয়েরই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের এনে দিয়েছে।
টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জিনা হিনোহোসা ডাটা সেন্টারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ খাতে নতুন নির্মাণ স্থগিত রাখার বা মোরেটোরিয়ামের অঙ্গীকার করেছেন।
শেয়ারবাজারের এই বিশাল পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প এর দায় রাজনৈতিক বিরোধীদের ওপর চাপিয়েছেন। তিনি লেখেন, 'নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে শেয়ারবাজার তার ইতিহাসের অন্যতম বাজে দিনের মুখোমুখি হয়েছে। মনে রাখবেন, এটি রিপাবলিকানরা করেনি, এটি করেছে ডেমোক্র্যাটরা।
তবে ভয় পাবেন না, আমরা শিগগিরই আগের যেকোনো সময়ের চেয়ে আরও বড় ও শক্তিশালী হয়ে উঠব। মেক আমেরিকা গ্রেট এগেইন!' অন্যদিকে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে এআই খাতটি কোনো ধরনের নিয়ন্ত্রণ বা সুরক্ষা ছাড়া অত্যধিক বেড়ে উঠেছে।
ডেমোক্র্যাট সেনেটর বার্নি স্যান্ডার্স সোশ্যাল মিডিয়া 'এক্স'-এ লেখেন, 'আমেরিকানরা চায় না বিগ টেক অলিগার্করা পরিবেশ ধ্বংস করুক, চাকরি কেড়ে নিক এবং মানবজাতির ভবিষ্যৎকে হুমকিতে ফেলুক। এখনই জাতীয় ডাটা সেন্টার মোরেটোরিয়াম জারি করতে হবে।'
এআই ডাটা সেন্টারের ওপর সরাসরি নির্ভরশীল চিপ প্রস্তুতকারক ও সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারের দর তীব্রভাবে কমেছে। শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার ৯ শতাংশেরও বেশি পড়ে গিয়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ৪০০ বিলিয়ন ডলারের বেশি বিলীন হয়ে গেছে। অন্যান্য চিপ কোম্পানি এএমডি ও মাইক্রন উভয়ের শেয়ারদর কমেছে ১৭ শতাংশেরও বেশি।
ইনটেল-এর শেয়ার ১০.৩ শতাংশ এবং মেমোরি কার্ড প্রস্তুতকারক স্যান্ডিস্কের দাম ২২ শতাংশের বেশি ধসে পড়েছে। শীর্ষ ৩০টি সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মক্ষমতা নির্দেশক ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইনডেক্স ১২ শতাংশের বেশি নেমে গেছে।
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স ও টেসলার শেয়ারেও বড় আঘাত লেগেছে, যেগুলোর দাম যথাক্রমে ৮ শতাংশ এবং প্রায় ১১ শতাংশ কমে একদিনেই কোম্পানি দুটির বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলারের বেশি হ্রাস পেয়েছে। টেক্সাসের সিনেট আসনে কেন প্যাক্সটনের সমর্থনে অন্তত ৪৫ মিলিয়ন ডলারসহ রিপাবলিকান প্রার্থীদের পেছনে মাস্ক মোট প্রায় ৪৫০ মিলিয়ন ডলার খরচ করেছিলেন; তবে মঙ্গলবারের নির্বাচনে টেক্সাস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যায়।
কেবল একটি লেনদেন দিবসেই অ্যাপল, এনভিডিয়া এবং টেসলাসহ তথাকথিত 'ম্যাগনিফিসেন্ট সেভেন' টেক জায়ান্টগুলোর সম্মিলিত বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার কমেছে।
এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪.৪ শতাংশ কমেছে এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ আগের দিনের সমস্ত লাভ হারিয়ে ৩.৪ শতাংশের বেশি দরপতনের মাধ্যমে লেনদেন শেষ করেছে। নাসডাক কম্পোজিট এত বিপুল পরিমাণ মান হারিয়েছে যে তা এখন বাজার বিশ্লেষকদের পরিভাষায় 'কারেকশন টেরিটরি'তে প্রবেশ করেছে—যেখানে কোনো সূচক সাম্প্রতিক শীর্ষ থেকে অন্তত ১০ শতাংশ নিচে নেমে আসে।
ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানাহ স্ট্রিটার জানান যে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০-র ওপর দরপতন অন্য বাজারগুলোতেও আতঙ্ক ছড়াচ্ছে। তিনি বলেন, 'এআই বাণিজ্য নিয়ে নতুন আতঙ্ক ওয়াল স্ট্রিটে ভারী আঘাত হেনেছে। এআই অবকাঠামোয় ঢালা বিপুল অর্থ প্রত্যাশিত মুনাফা এনে দিতে পারবে না—বিনিযোগকারীদের এই ভয়ের সঙ্গে এখন যুক্ত হয়েছে ডাটা সেন্টার নির্মাণ মারাত্মকভাবে ধীর হয়ে যাওয়ার আশঙ্কা।' মধ্যবর্তী নির্বাচনে ডাটা সেন্টারের প্রতি তীব্র সামাজিক ও রাজনৈতিক বিরোধিতা দেখে নিজেদের অপ্রস্তুত হওয়ার কথা স্বীকার করেছেন অনেক প্রযুক্তি নেতা।
ওপেনএআই-এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ক্যালিফোর্নিয়ার নাপায় আয়োজিত ডব্লিউএসজে টেক কনফারেন্সে জানান, এই প্রতিক্রিয়ায় সবাই অবাক হয়েছেন এবং স্থানীয় সম্প্রদায়গুলোর সমর্থন পেতে আরও কাজ করা প্রয়োজন।
মেটার প্রেসিডেন্ট দিনা পাওয়েল ম্যাককরমিক একই সম্মেলনে বলেন যে এআই প্রযুক্তির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে শিল্পখাতকে আগের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি সচেষ্ট হতে হবে। এছাড়া রাজনৈতিক ধাক্কার পাশাপাশি অনেক বিনিয়োগকারী আশঙ্কায় রয়েছেন যে এআই শেয়ারগুলো একটি বুদবুদ বা 'বাবল'-এর মধ্যে রয়েছে যা শিগগিরই কারেকশনের সম্মুখীন হতে যাচ্ছে।
































