ইসলামি জীবনদর্শনে সময়ের গুরুত্ব অপরিসীম। প্রবাদে বলা হয়েছে, যার দুটি দিন সমান হলো সে ক্ষতিগ্রস্ত, আর যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ হলো সে ধ্বংসপ্রাপ্ত। একজন মুমিনের জন্য প্রতিটি নতুন দিন কেবল একটি সূর্যোদয় নয়, বরং গতকালের ত্রুটি শুধরে নিয়ে নিজের আত্মউন্নয়ন ঘটানোর বিশেষ সুযোগ। সময় একমুখী হওয়ায় যা একবার অতিবাহিত হয় তা আর ফিরে আসে না। প্রতিদিনের জীবনকে কীভাবে গতকালের তুলনায় শ্রেয় ও কল্যাণকর করা যায়, তার কয়েকটি বাস্তবমুখী দিকনির্দশনা দেওয়া হলো।
আজকের দিনকে গতকালের চেয়ে উন্নত করতে হলে প্রথমেই প্রয়োজন 'মুহাসাবা' বা আত্মপরীক্ষা। দিন শেষে বা ঘুমোতে যাওয়ার আগে অথবা দিনের শুরুতে গতকালের লাভ-ক্ষতি ও ভালো-মন্দের হিসাব নেওয়া জরুরি। এ বিষয়ে দ্বিতীয় খলিফা ওমর (রা.) তাগিদ দিয়ে বলতেন, ‘তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও এবং চূড়ান্ত হাশরের পেশির জন্য নিজেদের প্রস্তুত করো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)। পবিত্র কুরআনের সুরা হাশরের ১৮ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত যে আগামীকালকের জন্য সে কী পাঠিয়েছে।’
অতীতে অলসতা, কোনো পাপকাজ কিংবা কারও সঙ্গে খারাপ আচরণের কারণে সময় নষ্ট হয়ে থাকলে তা নিয়ে অনুশোচনা করা এবং তা শুধরে নেওয়ার সংকল্প করা প্রয়োজন। গতকালের ভুলের ক্ষতিপূরণে আজ অন্তত একটি অতিরিক্ত ভালো কাজ করার তাগিদ রয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘অন্যায়ের পরপরই কোনো ভালো কাজ করো, যা সেই অন্যায়কে মুছে দেবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৮৭)।
দিনের সূচনা সুন্দর হলে পুরো জীবনের গতিপথ বদলে যায়। সকালে ঘুম থেকে উঠে আয়ু বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানানো ও দোয়ার মাধ্যমে দিন শুরু করা উচিত। ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টুকু অলসতায় না কাটিয়ে লক্ষ নির্ধারণ ও কাজের পরিকল্পনায় ব্যয় করা বরকতময়। সুনির্দিষ্ট সময়সূচি ধরে কাজ করলে সময়ের অপচয় রদ হয় এবং নতুন দিনে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
যে কোনো কাজের ফল নির্ভর করে সৎ নিয়তের ওপর। জীবিকার সন্ধান, পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া কিংবা সামাজিক সেবা—সব জাগতিক কাজ যদি সঠিক নিয়তে করা হয়, তা ইবাদতে পরিণত হয়। রসুলুল্লাহ (সা.) নির্দেশ করেছেন, ‘নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)। প্রতিদিন সকালে কাজের পেছনে পবিত্র ও মহৎ উদ্দেশ্য যুক্ত করলে তা আত্মিক প্রশান্তি ও কর্মে একাগ্রতা এনে দেয়।
এক দিনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়; বরং প্রয়োজন ধারাবাহিক অগ্রগতি। গতকালের চেয়ে আজ একটি অতিরিক্ত ভালো কাজ করা কিংবা একটি খারাপ অভ্যাস ত্যাগের প্রচেষ্টাই মূল সফলতা। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)। ইবনে রজব আল-হাম্বলি প্রাচীন এক মনীষীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, ‘হে আদম সন্তান, তুমি তো শুধু কতগুলো দিনের সমষ্টি; যখনই একটি দিন চলে যায়, তোমার জীবনের একটি অংশও ক্ষয় হয়ে যায়।’ (আল-হাম্বলি, জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৩৮২, দারুল হাদিস, কায়রো, ২০০১)। প্রতিদিনের এমন ছোট ছোট ইতিবাচক অভ্যাসের চর্চায় প্রতিটি দিন গতকালের চেয়ে অনন্য ও সফল হয়ে ওঠে।































