জাপানে সরকারি সংস্থা ও বড় বড় কোম্পানিগুলোতে বড় ধরনের সাইবার হামলা ও তথ্য চুরির ঘটনার প্রেক্ষিতে শুক্রবার একটি জরুরি সাইবার নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পাশাপাশি বিশেষ সাইবার উদ্ধারকারী দল গঠন করা হবে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বলেন, এআই-নির্ভর সাইবার হামলার যুগে দ্রুত সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। তিনি সরকারি সংস্থা ও কোম্পানিগুলোকে নিজেদের প্রস্তুতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাকাচি বলেন, বর্তমানে যেসব অননুমোদিত প্রবেশ ও তথ্য চুরির ঘটনা ঘটছে, তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও করপোরেট কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। তাই জাপানের সক্ষমতা বাড়াতে সরকারের সব ধরনের সম্পদ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।
জাপান সরকার বিশ্বের অন্যতম সেরা সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে অক্টোবর মাসে বৈধতা পাওয়া 'অ্যাক্টিভ সাইবার ডিফেন্স' বা সক্রিয় সাইবার প্রতিরক্ষার আওতায় হ্যাকারদের ব্যবহৃত সার্ভারে প্রবেশ করার সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি হলে তা মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় পুলিশ সংস্থা এবং জাতীয় সাইবার নিরাপত্তা অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ সহায়তা দল মোতায়েন করা হবে।
অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নভেম্বর মাসের শেষ নাগাদ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে একটি 'টপ গান' দল গঠন করবে। এই দলের সদস্যরা হ্যাকারদের মোকাবিলা ও নেটওয়ার্ক সিস্টেমের দুর্বলতা শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করবেন। এছাড়া তারা বন্ধুপ্রতিম দেশগুলোর প্রযুক্তি কোম্পানি ও উন্নত এআই ডেভেলপারদের সাথে সহযোগিতা বজায় রাখবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি 'সাইবার রেসকিউ টিম' গঠন করা হবে, যারা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে প্রাথমিক সহায়তা দেবে। এছাড়া অন্য একটি দল ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোর নিরাপত্তা শক্তিশালী করতে কাজ করবে।




























