প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রয়াণের কয়েক মাস পরই বলিপাড়ায় অভিষেক ঘটেছিল তার কন্যা জাহ্নবী কাপুরের। ২০১৮ সালে পরিচালক শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় নিজের সফর শুরু করেন তিনি। তবে বিনোদনজগতে মেয়ে আসুক—শুরুতে এমনটা একেবারেই চাননি শ্রীদেবী। নিজের মতো মেয়েকে অভিনেত্রী হতে দেখতে আগ্রহী ছিলেন না তিনি। তবে সময়ের সঙ্গে কন্যাকর্তৃক গৃহীত সিদ্ধান্ত মেনে নিতে শুরু করেছিলেন শ্রীদেবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের সম্মতি পাওয়ার সেই দিনগুলোর অভিজ্ঞতা ভাগ করে নেন জাহ্নবী।
জাহ্নবী জানান, একদিন হঠাৎ মায়ের কাছে গিয়ে তিনি অভিনয়ে আসার ইচ্ছার কথা প্রকাশ করেন। শুনে প্রথমটায় বেশ চমকে গিয়েছিলেন শ্রীদেবী। পরে অবশ্য মেয়েকে সম্মতি জানিয়ে তিনি বলেছিলেন, “ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে।” এর পরেই নিজের নাকে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন জাহ্নবী।
হাস্যরসের ছলে অভিনেত্রী বলেন, “আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে।” জাহ্নবী আরও উল্লেখ করেন, তাদের পরিবারে সৌন্দর্যচর্চা এবং অস্ত্রোপচারের বিষয়টি তাদের বড় হয়ে ওঠারই একটি স্বাভাবিক অংশ ছিল। কারণ তার মা শ্রীদেবী নিজেও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন, যা পরবর্তী সময়ে তাদের পরিবারের জীবনে একটি বড় পরিবর্তন এনেছিল। নিজের সৌন্দর্য ভাবনার পেছনে যে মায়ের বড় ধরনের প্রভাব কাজ করেছে, তা তিনি আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছেন।
নিজের নাকের অস্ত্রোপচারের সিদ্ধান্তের বিষয়ে গত বছরও একটি আলোচনাসভায় স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন জাহ্নবী। সেখানে তিনি মন্তব্য করেছিলেন, “আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব বুঝেশুনে, সংযতভাবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ পেয়েছিলাম।”






























