যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলসের বিদায় এবং স্বাস্থ্য প্রশাসনে লবিস্টদের অশুভ প্রভাব নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ক্যালি মিন্স। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অজ্ঞাতেই তাঁর প্রশাসনের শীর্ষ সহযোগীরা করপোরেট ও লবিং গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছিলেন।
সিবিএস নিউজের 'ফেস দ্য নেশন উইথ মার্গারেট ব্রেনান' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ক্যালি মিন্স বলেন, সুজি ওয়াইলস এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা নির্বাচনী প্রতিশ্রুতি ও সাধারণ ভোটারের ইচ্ছাকে তোয়াক্কা না করে সরাসরি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধা সুবিধা নিশ্চিত করেছেন। ক্যালি মিন্সের মতে, এই চক্রের মধ্যে সুজি ওয়াইলস ছাড়াও ছিলেন রিচার্ড ওয়ালটার্স, ওয়াকার ব্যারেট এবং জেমি ব্লেইর। ওয়ালটার্স সুজি ওয়াইলসের ক্যান্সার চিকিৎসার সময় কার্যত ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেছিলেন এবং সম্প্রতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে সুজি ওয়াইলস দাবি করেন, 'এমএএইচএ' (মেক আমেরিকা হেলদি এগেইন) এজেন্ডায় প্রেসিডেন্ট ট্রাম্প অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি অবদান রেখেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্পের প্রভাব বিস্তারকারী পোলস্টার টনি ফ্যাব্রিজিওর ভূমিকা নিয়ে মারাত্মক অভিযোগ তোলেন মিন্স। তিনি জানান, ফ্যাব্রিজিও একই সঙ্গে ফাইজার এবং পেপসির মতো বড় প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিচ্ছিলেন এবং হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ নীতিমালায় হস্তক্ষেপ করছিলেন। অতি-প্রসেসড খাবারের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত একটি নীতি ৯০ শতাংশ জনসমর্থন পাওয়ার পরও ফ্যাব্রিজিও তা বাতিল করার পরামর্শ দেন। অবশ্য ব্রডকাস্টের পর এক বিবৃতিতে টনি ফ্যাব্রিজিও ক্যালি মিন্সের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেন।
সুজি ওয়াইলসের বিদায়ের পর স্টিফেন মিলারকে নতুন দায়িত্বে নিয়ে আসার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মিন্স। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও স্টিফেন মিলারকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন, তিনি এই প্রশাসনের সবচেয়ে শক্তিশালী এমএএইচএ সমর্থক। মিন্স বিশ্বাস করেন, মিলারের নেতৃত্বে প্রশাসন বিশেষ স্বার্থান্বেষী লবিস্টদের প্রভাব থেকে মুক্ত হয়ে ট্রাম্পের মূল নির্বাচনী প্রতিশ্রুতিতে ফিরে আসতে পারবে।
ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকদের সঙ্গে লবিং ফার্মের আর্থিক লেনদেনের উদাহরণ দিয়ে ক্যালি মিন্স বলেন, সুজি ওয়াইলসের সাবেক লবিং ফার্ম 'ব্যালার্ড পার্টনার্স' ইতিহাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে, যার পরিমাণ ছিল প্রায় ৮ কোটি ২০ লাখ ডলার। এছাড়া 'কন্টিনেন্টাল স্ট্র্যাটেজি' নামে অপর এক লবিং ফার্মের আয় এক বছরে ১৮ লাখ ডলার থেকে বেড়ে ২ কোটি ৭৩ লাখ ডলারে দাঁড়ায়, যেখানে সুজি ওয়াইলসের কন্যা কেটি ওয়াইলস কর্মরত ছিলেন। তবে কন্টিনেন্টাল স্ট্র্যাটেজির প্রতিনিধি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
স্বাস্থ্যনীতির বিভিন্ন বাধা প্রসঙ্গে মিন্স জানান, যুক্তরাষ্ট্রে শিশুদের খাবারের ৭০ শতাংশই অতি-প্রসেসড খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্যের স্পষ্ট সংজ্ঞা নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকলেও কোকা-কোলা ও মোন্ডেলেজের মতো বড় প্রতিষ্ঠানের লবিংয়ের মুখে সুজি ওয়াইলসের দপ্তর শেষ মুহূর্তে তা আটকে দেয়। একইভাবে, তামাক ও ভ্যাপিং শিল্পের স্বার্থে এফডিএ-র ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল। সাবেক এফডিএ কমিশনার ড. মার্টি ম্যাকারির পদত্যাগের পেছনে তামাক ও ভ্যাপিং কোম্পানির অব্যাহত রাজনৈতিক চাপের ভূমিকা ছিল বলে তিনি জানান। তবে জেমি ব্লেইর সিবিএস নিউজকে বলেছেন, তিনি কেবল আইন অনুযায়ী প্রক্রিয়াকরণ নিশ্চিত করার কাজ করছিলেন এবং মিন্স তাঁর ভূমিকাকে ভুলভাবে উপস্থাপন করছেন।
ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক 'গ্লাইফোসেট' (রাউন্ডআপ) এবং বায়ার/মনসান্টো সংস্থাকে আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এফডিএ ও বিচার বিভাগের অভ্যন্তরীণ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিন্স। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) পুরনো সমীক্ষায় ঘুস ও ভুয়া গবেষণার তথ্য উঠে এসেছিল, যা পরবর্তীতে বাতিল হয়। সুপ্রিম কোর্টে বায়্যারকে সুরক্ষা দিতে যে আইনি আবেদন করা হয়েছিল, তাতেও স্বাস্থ্যমন্ত্রী কেনেডি বা ট্রাম্পের পরামর্শ নেওয়া হয়নি। তবে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অনুরোধেই সলিসিটর জেনারেল ওই আবেদন তৈরি করেছিলেন।
সাক্ষাৎকারে মিন্সকে তাঁর নিজের সাবেক প্রতিষ্ঠান 'ট্রুমেড'-এর শেয়ার থাকা নিয়ে ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের উদ্বেগের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফুলটাইম সরকারি দায়িত্বে যোগ দেওয়ার আগেই তিনি সমস্ত শেয়ার বিক্রি করে সম্পূর্ণ দায়মুক্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনভঙ্গের মিথ্যা অভিযোগ তোলায় প্রতিনিধি ড্যান অকিনক্লসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনার কথাও জানান তিনি।
এমএএইচএ সম্মেলন ও স্বাস্থ্য খাতের সাম্প্রতিক এক্সিট পোল নিয়েও আলোচনা হয়। সিবিএস নিউজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৫৮ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্পের স্বাস্থ্যনীতি মানুষের স্বাস্থ্য ও জীবনমান আরও খারাপ করেছে। এ প্রসঙ্গে মিন্স বলেন, রাজনৈতিক তিক্ততার উর্ধ্বে উঠে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করা এবং শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বিশ্বাস করেন, ট্রাম্প, কেনেডি এবং স্টিফেন মিলার যৌথভাবে দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবেন।





























