ব্রিটিশ অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব রাসেল ব্র্যান্ডকে সোমবার ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। গত সপ্তাহে আদালত তাকে ২০০৯ সালে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে।
আটজন পুরুষ এবং চারজন নারী বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাকে ২০০৪ সালে লন্ডনের একটি বারে এক নারীর স্তন স্পর্শ করা, ২০০৪ ও ২০০৫ সালে লন্ডনের একটি রেডিও স্টেশনে এক নারীকে যৌন নিপীড়ন এবং ২০০৯ সালে পশ্চিম লন্ডনের নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে। এছাড়া আরও দুটি ধর্ষণের অভিযোগ এবং একটি অনিচ্ছাকৃত অশালীন আচরণের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত মোট ছয়জন নারী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।
সাজার রায় ঘোষণার আগে আদালতে ভুক্তভোগী নারীদের জবানবন্দি পাঠ করা হয়। এর মধ্যে একজন তার বিবৃতিতে বলেন, তিনি দীর্ঘ বছর ধরে ট্রমা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন এবং নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিলেন। প্রসিকিউটরের মাধ্যমে পড়া অন্য এক বিবৃতিতে রাসেল ব্র্যান্ডকে কোনো অনুশোচনা না থাকা একজন 'যৌন শিকারি' হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০০৯ সালে ধর্ষণের শিকার হওয়া আরেক নারী জানান, হামলার পর থেকে তিনি খাওয়া-দাওয়া ও ঘুমানোর স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছিলেন।
রাসেল ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার কেসি যুক্তি দিয়েছিলেন যে, ১৭ বছর আগের এই ঘটনার তুলনায় তার মক্কেল এখন সম্পূর্ণ ভিন্ন মানুষ এবং এটি সম্মতির বিষয়ে একটি বড় ভুল ছিল। তবে বিচারক জোয়েল বেনাথান ব্র্যান্ডের জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে হেফাজতে রাখার সিদ্ধান্ত বহাল রাখেন। বিচারক বলেন, ব্র্যান্ডের সন্তানদের যে কষ্ট হচ্ছে, তা তাদের পিতার গুরুতর অপরাধের কারণেই হয়েছে।
দোষী সাব্যস্ত হওয়ার পর ব্র্যান্ডের আইনজীবীরা দাবি করেছিলেন যে, ঘটনার অনেক বছর পর অভিযোগ দায়ের করার কারণে ভুক্তভোগীদের মামলা দুর্বল হয়ে পড়েছে। ব্র্যান্ড নিজেও নিজেকে নির্দোষ দাবি করে একে তার অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতির কারণে একটি পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছিলেন। তিনি তার ব্যক্তিগত জীবনের promiscuous বা উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করলেও জোরপূর্বক কারো ওপর কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। প্রসিকিউটর তাকে একজন নির্মম ও কৌশলী যৌন শিকারি হিসেবে চিহ্নিত করেছিলেন। বিবিসি জানিয়েছে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুই নারীর ধর্ষণের অভিযোগ তদন্ত করছে পুলিশ।
November 9, 2026 / 9:30 AM EST / CBS News



























