প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম (09 November 2026, 11:10 PM)
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। নিজেদের মধ্যে নানা বিষয়ে পারস্পরিক মতপার্থক্য ও বৈরী অবস্থান থাকলেও শেখ হাসিনাকে প্রতিরোধ করার ক্ষেত্রে তারা একই অবস্থানে রয়েছে। বিশেষ করে ঘোষিত ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৎপরতার যেসব খবর পাওয়া যাচ্ছে, সেদিকে কড়া নজর রাখছে দলগুলো। প্রয়োজনে এ বিষয়ে মাঠপর্যায়ে কর্মসূচি দেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।
তবে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড ও তৎপরতা পর্যবেক্ষণ করে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা বিশ্বাস করছেন না যে ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বক্তব্য-বিবৃতিতে শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হলেও তার প্রত্যাবর্তন ঠেকাতে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করা হয়নি। তবে ডিসেম্বরের আগে পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তবে তাত্ক্ষণিকভাবে পদক্ষেপ বা কর্মসূচি নেওয়ার কথা ভাববে দলগুলো।
এদিকে ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনাকে কেন্দ্র করে আলোচনা ও গুঞ্জন ক্রমেই বাড়ছে। তবে বিএনপি এ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। দলটির নেতাদের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনেই তার বিচার সম্পন্ন করা হবে।
একই সঙ্গে শেখ হাসিনার আগমন সংক্রান্ত ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে দেশে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। দলটির পাশাপাশি জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোও একই অবস্থান গ্রহণ করেছে। দলগুলো মনে করছে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা কোনো বাস্তব উদ্যোগ নয়; বরং কর্মীদের চাঙ্গা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরি করতেই এই ‘স্টান্টবাজি’ করা হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত অপশক্তির চক্রান্ত এখনো থেমে নেই। ক্ষমতা হারিয়ে তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।






























