দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৩২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসচালকসহ কমপক্ষে ৫৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জনের আঘাত বেশ গুরুতর। বুধবার (১১ নভেম্বর) সকালে সিওংনাম শহরের বুন্দাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে দ্রুতগতির বাসটি সড়কে থাকা একাধিক যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। ওই সময় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। একের পর এক গাড়িকে আঘাত করার পর বাসটি গিয়ে পড়ে সড়কের মাঝখানের বিভাজক দেয়ালে। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিভাজক দেয়ালের ওপর আটকে থাকে।
দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে চারটি বাস, একটি ট্রাক এবং ২৭টি ব্যক্তিগত গাড়ি রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকারী কর্মী ও ৩৩টি উদ্ধারকারী যানবাহন মোতায়েন করা হয়। আহতদের তাৎক্ষণিক প্রাথমিক সেবা দিতে সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালক নিজেও আহত হয়েছেন। পরে উদ্ধারকর্মীরা তাঁকে দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে বের করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় অন্য আহত ৪৮ জনকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে স্থানীয় পুলিশ। সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বাসের ব্ল্যাক বক্সের ধারণকৃত তথ্য এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।




























