সামিরা খান মাহির সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ, আর তা হলো ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তার মাথায় মুকুট ওঠার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশ্বমঞ্চে তার প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা, প্রতিযোগিতার স্বচ্ছতা কিংবা তার গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন অনেকে। তবে এসব আলোচনার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে একজন নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য চেষ্টা আর বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।
সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচিতি তৈরির সময় তিনি নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন। ওই বছরই একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে তার যাত্রা শুরু হয়। র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে দেখা গেছে, যদিও তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।
শোবিজের শুরুর দিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো অভিভাবক বা পরিচিত কেউ না থাকায় অনেক সিদ্ধান্তই তাকে এককভাবে নিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেও তিনি পরিচিতি পান, তবে সেই পরিচিতির সঙ্গে জুটেছিল নেতিবাচক মন্তব্য ও ট্রল। অভিনয়ে আসার পর গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে বৈষম্যের শিকার হতে হয়েছে তাকে। শুরুর দিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে তাকে কখনো মানসিক ভারসাম্যহীন নারী, আবার কখনো গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে হয়েছে।
মডেলিংয়ে যখন নিজের অবস্থান তৈরি করছিলেন, ঠিক তখনই শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। এই দীর্ঘ বিরতিতে ইন্ডাস্ট্রিতে জায়গা হারানোর আশঙ্কা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল।






























