চলতি শীতকালীন দলবদলে মেজর লিগ বেসবলের (এমএলবি) শীর্ষ ফ্রি এজেন্ট তারিক স্কুবালকে ঘিরে বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টানাটানি শুরু হয়েছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস ডজার্সকে পেছনে ফেলে এই তারকা পিচারকে দলে ভেড়াতে নিউ ইয়র্ক মেটস এগিয়ে যেতে পারে বলে মনে করছেন মাইয়ামি মার্লিন্সের সাবেক সভাপতি ডেভিড স্যামসন।
গত বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে স্যামসন যুক্তি দেন যে, মেটসের মালিক স্টিভ কোহেনের মতো বাজারে বিপুল অর্থ খরচের সামর্থ্য থাকলে তরুণ বা কম খরচের খেলোয়াড়দের ওপর তাদের নির্ভর করার কোনো কারণ নেই। তিনি বলেন, জেতার জন্য মেটস নিশ্চয়ই তরুণ বা নিয়ন্ত্রণযোগ্য খেলোয়াড়দের ওপর ভরসা করে বসে থাকবে না। ব্রুয়ার্স বা রেসের মতো পথে হাঁটার কী দরকার, যখন আপনার ডজার্সের সমকক্ষ হওয়ার সুযোগ রয়েছে এবং আপনি ডজার্স হতে মরিয়া?
স্যামসন আরও বলেন, ডজার্সকে দুর্বল করে নিজেদের শক্তিবৃদ্ধি করার এবং ‘স্টিভ কোহেন ট্যাক্স’ কীসের জন্য তা দেখানোর এই তো উপযুক্ত সুযোগ। মেটস যদি সত্যিই স্কুবালকে চায় এবং এখনই তাকে আট বা নয় বছরের চুক্তি প্রস্তাব করে, তবে স্কুবালের পক্ষে সেটি গ্রহণ করা বুদ্ধিমত্তা হবে। ফ্র্যাঞ্চাইজিটির কোনো বাজেটের সীমা থাকলে স্কুবালকে নেওয়ার জন্য তাদের অন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে হতে পারে বলে স্যামসন উল্লেখ করেন। উল্লেখ্য, গত মার্চে ফোর্বস মেটসের বাজারমূল্য ৩.৫ বিলিয়ন ডলার হিসেব করেছিল।
এমএলবি ইনসাইডারদের মন্তব্যেও একই ইঙ্গিত পাওয়া গেছে। গত সোমবার ‘হট স্টোভ’ অনুষ্ঠানে নিউ ইয়র্ক পোস্টের ইনসাইডার জন হেম্যান প্রেডিকশন মার্কেটের তথ্য উল্লেখ করে জানান, স্কুবালকে সাইন করানোর দৌড়ে মেটসই এগিয়ে রয়েছে। হেম্যান বলেন, দুটি বড় মার্কেট এবং সবচেয়ে বেশি খরচ করা দুটি দলই পছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। প্রেডিকশন মার্কেটে স্কুবালকে পাওয়ার দৌড়ে ডজার্স ও মেটসের যৌথ সম্ভাবনা ৫৯ শতাংশ, যার মধ্যে মেটসের ৩৭ শতাংশ এবং ডজার্সের ২২ শতাংশ।
হেম্যান আরও বলেন, প্রেডিকশন মার্কেটের এই হিসেব সঠিক বলেই তার মনে হয় এবং তিনি মেটসকেই এগিয়ে রাখছেন। ডজার্স ঠিক কোন পথে যাবে তা নিশ্চিত নয়, তবে দল শক্তিশালী করার ক্ষেত্রে মেটসের মতো মরিয়া ভাব তাদের মধ্যে নেই। তাই মেটসই এই দৌড়ে ফেভারিট।
ইএসপিএনের জর্জ কাস্টিলোর তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় তারিক স্কুবালের সঙ্গে মেটসের একটি আনুষ্ঠানিক বৈঠক নির্ধারিত রয়েছে। অন্যদিকে লাস ভেগাসে ডজার্সের জেনারেল ম্যানেজার ব্র্যান্ডন গোমস জানান, তাদের ক্লাবও স্কুবালের এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যেকোনো সময়ে একটি বৈঠকে বসার আশা করছে।
চলতি মাসেই ৩০ বছরে পা দিতে যাওয়া স্কুবাল সর্বশেষ মৌসুমে ১৫৮ ২/৩ ইনিংসে ২.৭২ ইআরএ এবং ১৮৬টি স্ট্রাইকআউট রেকর্ড করেছেন। ডেট্রয়েট থেকে ট্রেড হয়ে আসার পর শেষ ১০টি ম্যাচে তিনি ২.৬১ ইআরএ সহ ৫-২ ব্যবধানে পারফর্ম করেন। ইএসপিএনের জেফ পাসান জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বরের মধ্যে কাঙ্ক্ষিত যৌথ দরকষাকষি চুক্তি (সিবিএ) শেষ হওয়ার আগেই স্কুবাল চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। কারণ এরপর এমএলবি ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে দরকষাকষি শুরু হলে চুক্তি প্রক্রিয়া জটিল আকার ধারণ করতে পারে।



























