ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, দেশটির সামরিক বাহিনী আবারও স্টারলিংকের সামরিক-গ্রেড পরিষেবায় 'সিস্টেম্যাটিক' বা পরিকল্পিত বাধার সম্মুখীন হচ্ছে। এই বিঘ্নের ফলে কিয়েভ রাশিয়ার জেট-চালিত ড্রোনগুলো প্রতিহত করতে হিমশিম খাচ্ছে। স্টারশিল্ড পরিষেবার মালিকানা ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের হাতে এবং এটি ইউক্রেনের সম্মুখসারির সামরিক অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডাবলিনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের এক সম্মেলনে জেলেনস্কি জানান, ইউক্রেন এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার চেষ্টা করছে। একই সময়ে মস্কোতে মার্কিন দূতরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন। জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'যদি আমেরিকার কেউ এমন সিদ্ধান্ত নেয় যা ইউক্রেনীয় ভূখণ্ডকে ইউক্রেনের অংশ নয় বলে বিবেচনা করে, তবে তা থেকে বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।'
এর আগে অক্টোবর মাসের শেষ দিকে স্টারশিল্ডের সংযোগে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল, যা প্রায় এক সপ্তাহ স্থায়ী হয়। তবে সেই সময় এই বিধিনিষেধ কারা দিয়েছিল, তা নিয়ে মার্কিন কর্মকর্তা ও স্পেসএক্স একেক সময় একেক ধরনের ব্যাখ্যা দিয়েছিল। জেলেনস্কির ভাষ্যমতে, বর্তমান এই বিঘ্ন কয়েকদিন ধরে চলছে এবং এটি রাশিয়াকে আরও নির্ভুলভাবে ইউক্রেনে হামলা চালাতে সহায়তা করছে।
এদিকে, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রুশ গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্রেমলিনের দূত কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানাচ্ছেন। পুতিন এই মার্কিন দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি গত মাসে খেরসন অঞ্চলের ওলেশকি থেকে শত শত বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে যুদ্ধবিরতিতে ভূমিকা রেখেছিলেন।
বৈঠকে পুতিন দোনেৎস্ক অঞ্চলের কন্তাস্তিনিভকা শহরেও পাঁচ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করবে বলে মনে হয় না, কারণ তারা রাশিয়ার ওই শহর দখলের দাবিকে অস্বীকার করে আসছে এবং ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিরতি কাজে লাগিয়ে রাশিয়া শহরটি পুরোপুরি কব্জা করার চেষ্টা করবে।
আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাগুলো মূলত ইউরোপের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে ছিল। তবে এই আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া এখনো তাদের সর্বোচ্চ চাহিদা থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না। পুতিন পুনরায় ইউক্রেনে বিদেশি সৈন্যের উপস্থিতিকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন এবং ইউরোপীয়দের যুদ্ধের বদলে শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কুশনার ও উইটকফ জানিয়েছেন, তারা পুতিনের কাছে পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে সম্মতি চাইবেন। তবে রাশিয়া এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করছে এবং ইউরোপের ইউক্রেন-সমর্থনকেই এর বড় বাধা হিসেবে দেখছে। রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানান, আলোচনার মাধ্যমে শান্তির পথে কিছুটা অগ্রগতি হলেও এখন সবকিছু নির্ভর করছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সিদ্ধান্তের ওপর।






























