নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানে তাদের চলমান তদন্তের একটি বড় অংশ বন্ধের ঘোষণা দিয়েছে। আদালত শুক্রবার প্রকাশিত এক নথিতে জানিয়েছে, তারা এখন থেকে শুধুমাত্র তালেবানের দ্বারা সংঘটিত অপরাধের ওপর তদন্ত সীমাবদ্ধ রাখবে। এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে এমন তদন্তের অংশটি আর থাকছে না।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হলো প্রসিকিউশনের তদন্ত পরিচালনা এবং প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। তবে আদালত এই সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রসিকিউটর অফিস এরই মধ্যে আপিল করেছে বলে নিশ্চিত করেছে।
২০২০ সালে আইসিসির বিচারকরা ২০০২ সাল থেকে আফগানিস্তানে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্বারা সংঘটিত অপরাধের বিষয়ে তদন্তের অনুমোদন দিয়েছিলেন। তবে দুই বছর আগে তৎকালীন প্রধান প্রসিকিউটর করিম খান প্রমাণ সংগ্রহের জটিলতার কথা উল্লেখ করে মার্কিন সংশ্লিষ্টতা থাকা তদন্তের দিকগুলোকে 'অগ্রাধিকার তালিকা থেকে বাদ' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে যৌন অসদাচরণের অভিযোগে করিম খানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
তালেবানের সংশ্লিষ্ট অপরাধের তদন্তের অংশটি এখন একটি আলাদা প্রক্রিয়া হিসেবে পরিচালিত হবে। গত মাসে আদালত চারজন সিনিয়র তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারী, শিশু এবং এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের মানুষের ওপর লিঙ্গভিত্তিক নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এই রায় এমন এক সময়ে এল যখন আইসিসি এবং এর ১৩ জন বর্তমান ও সাবেক কর্মী ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার মুখে রয়েছেন। যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয় এবং এর এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না। এছাড়া ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির তদন্ত এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে আইসিসিকে 'প্রয়োজনে ইট দিয়ে ইট খুলে ভেঙে ফেলার' হুমকি দিয়েছিলেন।






























