পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাত দিনের সফরে তার বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে শুক্রবার আয়োজকরা এই সফর স্থগিতের ঘোষণা দেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে মুফতি তাকি উসমানিকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় স্বাগত জানানো হয়। অথচ বাংলাদেশে তার মতো বিশ্ববরেণ্য আলেমের সফর নির্বিঘ্ন করতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রয়োজনীয় অনাপত্তিপত্র ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের প্রশাসনিক ব্যর্থতারই পরিচায়ক।
তিনি আরও বলেন, এই ঘটনায় আয়োজকদের পরিকল্পনা ও দূরদর্শিতার ঘাটতিও স্পষ্ট। তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে যে মর্যাদা ও গুরুত্ব দিয়ে মুফতি তাকি উসমানিকে গ্রহণ করা হয়, বাংলাদেশে তার মতো বিশ্ববরেণ্য আলেমের জ্ঞান ও অভিজ্ঞতাকে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে কাজে লাগানোর পরিবর্তে আয়োজকদের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের প্রবণতাই বেশি দৃশ্যমান হয়েছে। একজন বিশ্ববরেণ্য আলেমের সফর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের উপলক্ষ হওয়া উচিত নয়, বরং তাঁর ইলম থেকে উপকৃত হওয়ার জাতীয় সুযোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত ছিল।
মহাসচিবের মতে, ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সফরের অনুমোদন ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত থাকা আয়োজকদের সমন্বয়হীনতা ও দায়িত্বশীলতার ঘাটতি প্রকাশ করে। এত বড় আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর আয়োজনে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর যোগাযোগ, নিরাপত্তা পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা জরুরি ছিল।
এই সফর স্থগিতের মধ্য দিয়ে বাংলাদেশের আলেমসমাজ, শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষ একটি অসাধারণ ইলমি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এর দায় সরকারের প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি আয়োজকদের সমন্বয়হীনতার ওপরও বর্তায়। মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে মুফতি মুহাম্মদ তাকি উসমানির সফরের পথ সুগম করতে হবে। একই সঙ্গে আয়োজকদেরও নতুন সফরসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, মুফতি তাকি উসমানি সুস্থ ও নিরাপদ থাকবেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরে এসে আলেম-উলামা ও জ্ঞানপিপাসু মানুষের সঙ্গে মূল্যবান ইলমি অভিজ্ঞতা বিনিময় করবেন।
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৮: ৫৭আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯: ১৫
মুফতি তাকি উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী আলেমে দ্বীন। হাদিস, ফিকহ, তাফসির ও ইসলামি অর্থনীতিতে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ৮৩ বছর বয়সী এই প্রবীণ মনীষীর সফর বাংলাদেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য ছিল এক বিরল সুযোগ।




























