নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
টুর্নামেন্টটির সার্বিক আয়োজনে রয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উদ্বোধনী আয়োজনে অংশ নেন।
টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা। একই সঙ্গে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া এবং রূপগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।


























