বাংলাদেশকে নিরাপদ, শক্তিমান ও আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। শনিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য নিশ্চিত করেন। সশস্ত্র বাহিনী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা বজায় থাকলে দেশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে এবং বাংলাদেশকে আর কখনো কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করেন। তার মতে, প্রথম কর্তব্য হলো যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়টি হলো তাদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা।
সেনাকুঞ্জের সংবর্ধনাস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে আসন গ্রহণ করানোর পর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। বক্তব্য শেষে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক রাষ্ট্রের জন্য স্থলভাগের সুরক্ষার পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও সমভাবে অপরিহার্য। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতের পাশাপাশি তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রূপ দিতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। আধুনিকায়ন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও প্রশিক্ষণের পাশাপাশি যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতিমধ্যেই ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে গৃহিত পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও সন্ত্রাস দমন অভিযানে এবং জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী ও আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যক্তিগত স্মৃতিকাতরতার কথা তুলে ধরে তিনি জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তার জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসেই অতিবাহিত করেছিলেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ২০২৫ সালে এই অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার জীবনের শেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা এই বাহিনীর জন্য অনন্য প্রেরণার উৎস। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে স্বাধীনতাকামী মানুষের ওপর হামলার পর চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ড’ বলে গর্জে উঠেছিলেন এবং সব বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ২৬শে মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি স্বাধীনতার নির্দেশ দেন এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা প্রচার করেন।
ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পরাজিত অপশক্তি ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনাশহীদ করার ঘটনা ঘটায়। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক মোড়েই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। বক্তব্য শেষে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতির জন্য ধন্যবাদ দেন।
সেনাকুঞ্জের সংবর্ধনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যরা, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা অংশ নেন।
এর আগে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেঁটে পৌঁছান এবং সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম ও তিন বাহিনীর প্রধানগণ। তিনি জানান, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছে; যার ধারাবাহিকতায় ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন করা হয়। অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রমসহ ৭ জন বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয় এবং প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি পরিদর্শকদের বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে যান, যেখানে তিন বাহিনীর প্রধানগণ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।


























