বাংলাদেশে একটি ফুটবল একাডেমি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল বৃষ্টিবিঘ্নিত দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন। তাদের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম চালু করা এবং পাশাপাশি এএফএ ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা।
আর্জেন্টিনার এই প্রতিনিধিদলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। মারিও মার্টিন তুলা জানান, আর্জেন্টিনা ফুটবলের পরিকল্পনার অংশ হিসেবেই তাদের এই এশিয়া সফর। ভারত হয়ে তারা বাংলাদেশে এসেছেন এবং এখানে ফুটবল ফেডারেশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী তারা।
জাতীয় স্টেডিয়ামের বর্তমান মাঠ ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মারিও মার্টিন তুলা। তার মতে, স্টেডিয়ামটি বেশ আধুনিক এবং এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। এমনকি অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের মতো সব ব্যবস্থাও এখানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে বাংলাদেশে একাডেমি গড়ার পুরো বিষয়টিই বর্তমানে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এটি মূলত স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর নির্ভর করছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানান, আর্জেন্টিনা প্রতিনিধিদল ঢাকায় একটি সেমিনারে অংশ নেবে এবং একটি ফুটবল ক্লিনিক পরিচালনা করবে। তিনি আরও বলেন যে, একাডেমি গড়ে তোলার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। এছাড়া, আর্জেন্টিনার প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের অকুন্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


























