ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের বেসামরিক লোকালয়ে রাতভর হামলা জোরদার করেছে রাশিয়া। এসব বিমান হামলায় কিয়েভ অঞ্চলজুড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ও জরুরি উদ্ধারকারী সেবার কর্মীরা।
কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরের ডাইমার শহরে রাশিয়ার হামলা একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত আটজনের মৃত্যু হয়। সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আঞ্চলিক কর্মকর্তা তিমুর তকাচেনকো নিশ্চিত করেন, ডাইমারে রুশ হামলায় নিহত অষ্টম ব্যক্তির মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেখানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।
সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে দুই শিশুসহ অন্তত ১১ জন বাসিন্দা আটকা পড়ে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করতে একটানা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর দক্ষিণাঞ্চলের ভিশনেভে শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া বিলা চেরকভা এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ব্যক্তিগত বাসভবনে আগুন ধরে গেলে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের দ্রেপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রুশ হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি।

























