গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২২ নভেম্বর দায়ের করা এই মামলায় পুলিশের পক্ষ থেকে মোট ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি জানানো হয়েছে। মামলার বাদী হয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদ। মামলাটি ৯ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর পাশাপাশি দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই মো. আরিফুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে। তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এছাড়াও আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুট হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সব মিলিয়ে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা বলে এজাহারে জানানো হয়েছে।
মামলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১ নম্বর আসামি করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে এবং ২ নম্বর আসামি করা হয়েছে সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ইলিয়াস সরদারকে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল শেখ, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস এবং টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেপ্তারকৃত কয়েকজনকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল।


























